
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় কুমিল্লা নগরীতে বিশেষ সাদকা ও দোয়ার আয়োজন করা হয়েছে।
বুধবার সকালে কুমিল্লা নগরীর বিভিন্ন এতিমখানায় ১৬টি খাসি সাদকা দেওয়া হয়।
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এবং কুমিল্লা-৬ আসনে বিএনপির মনোনীত প্রার্থী হাজী আমিনুর রশিদ ইয়াছিন এই সাদকা ব্যবস্থা করেন।
সাদকা বিতরণের আগে কুমিল্লা টাউন হল মাঠে বিশেষ দোয়ার আয়োজন করা হয়। এই দোয়ার অনুষ্ঠান পরিচালনা করেন নগরীর কান্দিরপাড় মসজিদের ইমাম মাওলানা হাফেজ ইব্রাহিম।
কান্দিরপাড় মসজিদের ইমাম মাওলানা হাফেজ ইব্রাহিম এই প্রসঙ্গে বলেন, “দানের বদলে জান” – এই চেতনা থেকেই বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমিনুর রশিদ ইয়ালিন নগরীর বিভিন্ন এতিমখানায় এই খাসি সাদকা দিয়েছেন।
এ বিষয়ে কুমিল্লা আদর্শ সদর উপজেলা বিএনপির সভাপতি রেজাউল কাইয়ুম বলেন, “আমাদের নেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য আজকে ১৫টি খাসি সাদকা দেওয়া হয়েছে। সারাদেশের মানুষ খালেদা জিয়ার জন্য দোয়া করছে। মানুষ চায় তিনি সুস্থ হয়ে দেশের সেবায় নিয়োজিত হবেন।”
এ সময় মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আতাউর রহমান ছুটি, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মাহবুব চৌধুরী, সাধারণ সম্পাদক সাইফুল আলম রায়হান, সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক এবং বিএনপি নেতা সাজ্জাদুল কবিরসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।










