
গণমাধ্যম জগতের সুপরিচিত মুখ, প্রবীণ সাংবাদিক মুন্সী কামাল আতাতুর্ক মিসেল চলে গেলেন না ফেরার দেশে।
আজ মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) ভোরে ঢাকার ধানমন্ডির পপুলার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল (৪৫) এবং তিনি স্ট্রোকজনিত জটিলতায় ভুগছিলেন। তিনি স্ত্রী, দুই সন্তানসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
কুমিল্লার ইলিয়টগঞ্জ মুন্সিবাড়ির মরহুম কামাল মুন্সির সুযোগ্য সন্তান সাংবাদিক মিসেল। দীর্ঘদিন ধরে নিষ্ঠা ও সাহসিকতার সাথে সাংবাদিকতা পেশায় নিয়োজিত ছিলেন। তিনি ঢাকা থেকে প্রকাশিত জনপ্রিয় জাতীয় দৈনিক ইনকিলাব পত্রিকার বিশেষ প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছিলেন। সাংবাদিক সংগঠন ও প্রেসক্লাবে নেতৃত্বের ভূমিকায় থাকা এই গুণী ব্যক্তিত্ব ছিলেন চান্দিনা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক।
দৈনিক ইনকিলাব ও জাতীয় বার্তা সংস্থা ‘বাংলাদেশ সংবাদ সংস্থা’ (বাসস)-এর কুমিল্লা প্রতিনিধি হিসেবে অত্যন্ত দক্ষতার সাথে কাজ করেছেন। এছাড়া ঢাকা থেকে প্রকাশিত আরও একাধিক নামকরা জাতীয় দৈনিক পত্রিকায় চান্দিনা প্রতিনিধি হিসেবেও তাঁর অবদান ছিল অপরিসীম। চারণ সাংবাদিক হিসেবে তৃণমূলের মানুষের সুখ-দুঃখ ও সমস্যা সম্ভাবনার কথা তিনি সততার সাথে তুলে ধরেছেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, আজ বাদ আছর ইলিয়টগঞ্জ রা বি উচ্চ বিদ্যালয় মাঠে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। জানাজা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
একজন পেশাদার গণমাধ্যমকর্মী হওয়ার পাশাপাশি সামাজিক ও সর্বস্তরের মানুষের সাথে তাঁর ছিল এক গভীর ও নিবিড় সুসম্পর্ক। অত্যন্ত বিনয়ী ও অমায়িক ব্যক্তিত্বের অধিকারী এই সাংবাদিকের প্রয়াণে পুরো গণমাধ্যম অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে। তাঁর হঠাৎ বিদায়ে রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ গভীর শোক প্রকাশ করেছেন এবং মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
তার মৃত্যুতে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের সুমন, কৃষি, খাদ্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ ইয়াছিন, কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মনিরুল হক চৌধুরী, কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু, কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাতুল বারী আবু, কুমিল্লা ওয়াসা বোর্ডের চেয়ারম্যান আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, কুমিল্লা মহানগর জামায়াতের আমির কাজী দ্বীন মোহাম্মদ, কুমিল্লা প্রেসক্লাবের নেতৃবৃন্দসহ বিভিন্ন সাংবাদিক সংগঠন, রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিরা শোক প্রকাশ করেছেন।
আজ এক শোক বার্তায় তারা মরহুমের আত্মার মাগফিরাত কামনা এবং শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। তারা কামাল আতাতুর্ক মিসেলের সাংবাদিকতা জীবনের অবদানের কথা স্মরণ করেন।










