
ওসমান গনি, চান্দিনা প্রতিনিধি
গণমাধ্যম জগতের সুপরিচিত মুখ, প্রবীণ সাংবাদিক মুন্সী কামাল আতাতুর্ক মিসেল চলে গেলেন না ফেরার দেশে।
আজ মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) ভোরে ঢাকার ধানমন্ডির পপুলার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল (৪৫) এবং তিনি স্ট্রোকজনিত জটিলতায় ভুগছিলেন। তিনি স্ত্রী, দুই সন্তানসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
কুমিল্লার ইলিয়টগঞ্জ মুন্সিবাড়ির মরহুম কামাল মুন্সির সুযোগ্য সন্তান সাংবাদিক মিসেল। দীর্ঘদিন ধরে নিষ্ঠা ও সাহসিকতার সাথে সাংবাদিকতা পেশায় নিয়োজিত ছিলেন। তিনি ঢাকা থেকে প্রকাশিত জনপ্রিয় জাতীয় দৈনিক ইনকিলাব পত্রিকার বিশেষ প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছিলেন। সাংবাদিক সংগঠন ও প্রেসক্লাবে নেতৃত্বের ভূমিকায় থাকা এই গুণী ব্যক্তিত্ব ছিলেন চান্দিনা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক।
দৈনিক ইনকিলাব ও জাতীয় বার্তা সংস্থা 'বাংলাদেশ সংবাদ সংস্থা' (বাসস)-এর কুমিল্লা প্রতিনিধি হিসেবে অত্যন্ত দক্ষতার সাথে কাজ করেছেন। এছাড়া ঢাকা থেকে প্রকাশিত আরও একাধিক নামকরা জাতীয় দৈনিক পত্রিকায় চান্দিনা প্রতিনিধি হিসেবেও তাঁর অবদান ছিল অপরিসীম। চারণ সাংবাদিক হিসেবে তৃণমূলের মানুষের সুখ-দুঃখ ও সমস্যা সম্ভাবনার কথা তিনি সততার সাথে তুলে ধরেছেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, আজ বাদ আছর ইলিয়টগঞ্জ রা বি উচ্চ বিদ্যালয় মাঠে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। জানাজা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
একজন পেশাদার গণমাধ্যমকর্মী হওয়ার পাশাপাশি সামাজিক ও সর্বস্তরের মানুষের সাথে তাঁর ছিল এক গভীর ও নিবিড় সুসম্পর্ক। অত্যন্ত বিনয়ী ও অমায়িক ব্যক্তিত্বের অধিকারী এই সাংবাদিকের প্রয়াণে পুরো গণমাধ্যম অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে। তাঁর হঠাৎ বিদায়ে রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ গভীর শোক প্রকাশ করেছেন এবং মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC