বৃহস্পতিবার ৪ জুন, ২০২৬

কুমিল্লার দেবীদ্বারে গভীর রাতে যাত্রীবাহী বাস উল্টে প্রাণ গেল নারী যাত্রীর

রাইজিং কুমিল্লা ডেস্ক

Rising Cumilla - A female passenger died after a passenger bus overturned in Comilla's Devidwar late at night.
কুমিল্লার দেবীদ্বারে গভীর রাতে যাত্রীবাহী বাস উল্টে প্রাণ গেল নারী যাত্রীর/ছবি: সংগৃহীত

কুমিল্লার দেবীদ্বার উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী একটি বাস উল্টে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ১৫ জন যাত্রী আহত হয়েছেন। আহতদের দেবীদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও কুমিল্লা মেডিক্যাল কলেজ (কুমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বুধবার (৩ জুন) দিবাগত রাত ১টার দিকে কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের দেবীদ্বার উপজেলার ভিড়াল্লা বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত লিজা আক্তার (৩০) কিশোরগঞ্জ জেলার নিকলি উপজেলার দামপাড়া গ্রামের মীর করিমের স্ত্রী। তিনি চট্টগ্রামের একটি পোশাক কারখানায় কর্মরত ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সিলেট থেকে চট্টগ্রামগামী আফরোজা পরিবহনের একটি নাইট কোচ মহাসড়কের ভিড়াল্লা এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। একপর্যায়ে বাসটি সড়কের পাশে উল্টে গেলে হতাহতের ঘটনা ঘটে।

খবর পেয়ে দেবীদ্বার থানা পুলিশ, মীরপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ি এবং মুরাদনগর ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় উদ্ধার অভিযান পরিচালনা করেন। প্রায় দুই ঘণ্টার অভিযানে নিহতের মরদেহ উদ্ধার করা হয় এবং আহতদের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়।

দেবীদ্বার থানার উপ-পরিদর্শক (এসআই) সাগর সাহা জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে চালক ঘুমিয়ে পড়ায় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ে। এ ঘটনায় একজন নিহত এবং অন্তত ১৫ জন আহত হয়েছেন। গুরুতর আহত সাতজনকে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিদের দেবীদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।

দুর্ঘটনার বিষয়ে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

আরও পড়ুন