রবিবার ১২ জুলাই, ২০২৬

কুমিল্লার দেবিদ্বারে এসএসসি পরীক্ষার খাতা ছাত্রকে দিয়ে মূল্যায়ন, শিক্ষক-শিক্ষার্থী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

Ministry of Education
শিক্ষা মন্ত্রণালয়। গ্রাফিক্স: রাইজিং কুমিল্লা

কুমিল্লার দেবিদ্বারে এসএসসি পরীক্ষার উত্তরপত্র দশম শ্রেণির এক শিক্ষার্থীকে দিয়ে মূল্যায়ন করানোর অভিযোগে আব্দুল্লাহপুর হাজী আমির আলী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. বাচ্চু মিয়া এবং ওই শিক্ষার্থী মেহেদী হাসানকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (১২ জুলাই) সকালে দেবিদ্বার থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেন। এর আগে শনিবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, আব্দুল্লাহপুর হাজী আমির আলী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ও ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. বাচ্চু মিয়া এসএসসি পরীক্ষার সাধারণ বিজ্ঞান বিষয়ের উত্তরপত্র মূল্যায়নের দায়িত্বপ্রাপ্ত পরীক্ষক ছিলেন। তবে অভিযোগ রয়েছে, তিনি নিজে খাতা মূল্যায়ন না করে বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী মেহেদী হাসানকে দিয়ে উত্তরপত্র মূল্যায়ন করান।

সম্প্রতি এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি ব্যাপক আলোচনার জন্ম দেয়। ভিডিওটি শিক্ষামন্ত্রীর নজরে এলে তিনি দ্রুত তদন্তের নির্দেশ দেন এবং ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেন।

শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনার পর অভিযুক্ত শিক্ষক ও শিক্ষার্থীর বিরুদ্ধে পাবলিক পরীক্ষা (অপরাধ) আইন, ১৯৮০-এর ১০, ১২ ও ১৩ ধারায় দেবিদ্বার থানায় মামলা দায়ের করা হয়। মামলার পরপরই পুলিশ অভিযান চালিয়ে দুজনকে গ্রেপ্তার করে।

দেবিদ্বার থানার ওসি মনিরুজ্জামান জানান, গ্রেপ্তার হওয়া শিক্ষক ও শিক্ষার্থীকে রোববার সকালে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়েছে।

আরও পড়ুন