
কুমিল্লার তিতাস উপজেলায় অভিযান চালিয়ে ১০০ কেজি গাঁজাসহ দুইজনকে আটক করেছে র্যাব-১১। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেট কারও জব্দ করা হয়।
বুধবার (২৯ এপ্রিল ২০২৬) বিকেল সাড়ে ৫টার দিকে তিতাস থানাধীন আড়াইরকান্দি এলাকায় এ অভিযান পরিচালনা করা হয় বলে র্যাব সূত্রে জানা গেছে।
আটক ব্যক্তিরা হলেন মোহাম্মদ রানা (৪২) ও মো. রাহাত (২৩)। তাদের বাড়ি নারায়ণগঞ্জ জেলার বন্দর থানার বিভিন্ন এলাকায়।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১, সিপিএসসি নারায়ণগঞ্জের একটি দল অভিযান চালিয়ে তাদের আটক করে। এ সময় তাদের কাছ থেকে ১০০ কেজি গাঁজা উদ্ধার করা হয় এবং একটি প্রাইভেট কার জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা একটি সংঘবদ্ধ মাদক চোরাচালান চক্রের সদস্য বলে জানিয়েছে র্যাব। তারা দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে কুমিল্লা হয়ে নারায়ণগঞ্জ ও ঢাকা অঞ্চলে সরবরাহ করত বলে ধারণা করা হচ্ছে।
র্যাব আরও জানায়, মাদকদ্রব্য নির্মূল এবং চোরাচালান প্রতিরোধে তাদের অভিযান অব্যাহত রয়েছে।
আটক ব্যক্তিদের বিরুদ্ধে কুমিল্লার তিতাস থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাদের থানায় হস্তান্তর করা হয়েছে।









