
কুমিল্লার চৌদ্দগ্রাম পৌরসভা এলাকায় নাশকতা ও যানবাহন ভাঙচুরের ঘটনায় নিষিদ্ধ সংগঠনের ৯ সদস্যকে গ্রেফতার করেছে কুমিল্লা জেলা পুলিশ। এদিকে, জেলার বিভিন্ন স্থানে গত ২৪ ঘণ্টায় পরিচালিত বিশেষ সাঁড়াশি অভিযানে নিষিদ্ধ সংগঠনের ৬২ জন সদস্যসহ মোট ১৯৭ জনকে গ্রেফতার করা হয়েছে।
রোববার (২৯ নভেম্বর) কুমিল্লা জেলা পুলিশের মিডিয়া সেল থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার লুৎফর রহমান।
পুলিশ জানায়, শনিবার (২৮ নভেম্বর) রাত আনুমানিক ১০টা ৪৫ মিনিটে চৌদ্দগ্রাম পৌরসভা এলাকায় নিষিদ্ধ সংগঠনের সদস্যরা সড়কে প্রতিবন্ধকতা সৃষ্টি এবং কয়েকটি যানবাহন ভাঙচুর করেছে বলে অভিযোগ পাওয়া যায়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে কয়েক দফা অভিযান চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে যান চলাচল স্বাভাবিক করা হয়।
এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে কুমিল্লা জেলা পুলিশের থানা পুলিশ ও গোয়েন্দা পুলিশের (ডিবি) সমন্বয়ে গঠিত একাধিক দল রাতভর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে নিষিদ্ধ সংগঠনের ৯ সদস্যকে গ্রেফতার করে। তাঁদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
এদিকে, কুমিল্লা জেলা পুলিশের নিয়মিত অপরাধ দমন কার্যক্রমের অংশ হিসেবে পুলিশ সুপার মো. আনিসুজ্জামানের নির্দেশনায় গত ২৪ ঘণ্টায় জেলাজুড়ে বিশেষ সাঁড়াশি অভিযান পরিচালনা করা হয়। এ অভিযানে নিষিদ্ধ সংগঠনের ৬২ জন সদস্যসহ মোট ১৯৭ জনকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশের বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গ্রেফতার ব্যক্তিদের অপরাধে সম্পৃক্ততা যাচাই-বাছাই ও সংশ্লিষ্টতা বিবেচনায় ১৩৯ জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। অপরদিকে, ৫৮ জনকে মুচলেকার মাধ্যমে পরিবারের জিম্মায় হস্তান্তর করা হয়েছে।
এ বিষয়ে পুলিশ সুপার মো. আনিসুজ্জামান বলেন, কুমিল্লা জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, জনসাধারণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা এবং নাশকতাসহ সব ধরনের অপরাধ দমনে জেলা পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
পাশাপাশি অভিযানের নামে কোনো নিরপরাধ ব্যক্তি যাতে হয়রানির শিকার না হন, সে বিষয়েও পুলিশ সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করছে বলে জানান তিনি।










