
কুমিল্লার চান্দিনায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় আনুমানিক ৬০ বছর বয়সী এক অজ্ঞাত পথচারী প্রাণ হারিয়েছেন। আজ বৃহস্পতিবার (১৬ এপ্রিল )সকাল ৯টার দিকে উপজেলার মাধাইয়া সংলগ্ন দোতলা এলাকায় এই ঘটনা ঘটে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সকালে ওই বৃদ্ধ মহাসড়ক পার হচ্ছিলেন। এ সময় ফেনী থেকে ঢাকাগামী দ্রুতগতির ‘স্টার লাইন’ পরিবহনের একটি যাত্রীবাহী বাস তাঁর সামনে চলে আসে। হঠাৎ সামনে চলে আসা পথচারীকে বাঁচাতে গিয়ে বাসচালক তীব্র গতিতে ব্রেক কষলে নিয়ন্ত্রণ হারান।
এতে বাসটি সড়কের পাশে থাকা একটি বৈদ্যুতিক খুঁটিতে সজোরে ধাক্কা দেয় এবং ওই পথচারী বাসের নিচে চাপা পড়েন। প্রবল আঘাতেই ঘটনাস্থলে তাঁর মৃত্যু হয়। সংঘর্ষের ভয়াবহতায় যাত্রীবাহী বাসটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে গেছে এবং বৈদ্যুতিক খুঁটিটি ভেঙে পড়েছে।
দুর্ঘটনার খবর পেয়ে ইলিয়টগঞ্জ হাইওয়ে থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত বাসটি সরিয়ে নেয়। ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) রুহুল আমিন বিষয়টি নিশ্চিত করে জানান, দুর্ঘটনার কারণে মহাসড়কে সাময়িকভাবে যান চলাচলে বিঘ্ন ঘটলেও পুলিশের তৎপরতায় দ্রুত পরিস্থিতি স্বাভাবিক হয়। নিহত ব্যক্তির পরিচয় এখনো পাওয়া যায়নি, তাঁর পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ বিষয়ে থানায় একটি মামলা দায়েরসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু হয়েছে।










