বৃহস্পতিবার ১২ নভেম্বর, ২০২৬

কুমিল্লার চান্দিনায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৯ নেতাকর্মী গ্রেপ্তার

ওসমান গনি, চান্দিনা প্রতিনিধি

চান্দিনা থানা//ছবি: প্রতিনিধি

কুমিল্লার চান্দিনায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নয় নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর মধ্যে জোয়াগ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতাসহ আটজনকে সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় এবং একজনকে পুরোনো একটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

সোমবার রাত থেকে মঙ্গলবার রাত পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। পরে বুধবার দুপুরে আদালতের মাধ্যমে তাঁদের কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন জোয়াগ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মেহেদী হাসান তালুকদার (৪৭), মাধাইয়া ইউনিয়ন ছাত্রলীগ নেতা নেছার আহমেদ (২০), রিফাত হোসাইন পার্থ (১৯), মো. আরিফ হোসেন (১৯), মোস্তফা আহম্মেদ প্রকাশ হৃদয় (১৮), অনিক চন্দ্র শীল (২১), চান্দিনা পৌর ছাত্রলীগের সক্রিয় কর্মী মো. দেলোয়ার হোসেন সিয়াম (১৮), মহিচাইল ইউনিয়ন ছাত্রলীগের সক্রিয় কর্মী রিফাত মিয়াজী (২০) এবং এতবারপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. মাইন উদ্দিন রনি (২৯)।

এদিকে একই সময়ে উপজেলার সদরের পালকি সিনেমা হল এলাকায় অভিযান চালিয়ে ১৫০ পিস ইয়াবাসহ মো. লাল মিয়া (৪৩) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। গাইবান্ধা সদর উপজেলার তালুক রিফাইতপুর গ্রামের মৃত সাবু মিয়ার ছেলে এই ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক একটি মামলা দায়ের করা হয়েছে।

চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুজ্জামান জানান, নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ডাকা কর্মসূচিকে কেন্দ্র করে চান্দিনা থানায় সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় আটজনকে গ্রেপ্তার দেখানো হয়েছে এবং অপরজন পুরোনো মামলার আসামি। আইনি প্রক্রিয়া শেষে তাঁদের সবাইকে কুমিল্লা কারাগারে পাঠানো হয়েছে।

আরও পড়ুন