
কুমিল্লায় মাদক ব্যবসা, কিশোর গ্যাং ও ছিনতাইসহ বিভিন্ন অপরাধ দমনে পুলিশের ৭২ ঘণ্টার বিশেষ অভিযানে ৬১৭ জনকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিদের মধ্যে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ১১৯ জন সদস্য রয়েছেন। যাচাই-বাছাই শেষে ৪০১ জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। বাকি ২১৬ জনকে মুচলেকা নিয়ে অভিভাবকদের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে।
গত ১২ থেকে ১৪ নভেম্বর পর্যন্ত টানা তিন দিন কুমিল্লা জেলার ১৮টি থানায় একযোগে এ অভিযান পরিচালনা করে জেলা পুলিশ ও গোয়েন্দা পুলিশ (ডিবি)।
রবিবার (১৫ নভেম্বর) বিকেলে জেলা পুলিশের মিডিয়া সেল থেকে গণমাধ্যমকে পাঠানো এক তথ্যে এসব বিষয় জানানো হয়।
পুলিশ জানায়, জেলা পুলিশ সুপার মো. আনিসুজ্জামানের নির্দেশনায় কুমিল্লা মহানগরীর বিভিন্ন স্থানসহ জেলার প্রতিটি থানার অপরাধপ্রবণ এলাকায় অভিযান চালানো হয়।
বিশেষ করে কিশোর বয়সী বখাটেদের উৎপাত, মাদক ব্যবসা, ছিনতাই ও অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের শনাক্ত করতে বিভিন্ন এলাকায় অভিযান জোরদার করা হয়। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও সরাসরি অভিযানে অংশ নেন।
অভিযানে আটক ৬১৭ জনের মধ্যে ১১৯ জন কার্যক্রম নিষিদ্ধ সংগঠন ও এর সদস্য বলে জানিয়েছে পুলিশ। তাদের অপরাধের সঙ্গে সম্পৃক্ততা যাচাই-বাছাই করে ৪০১ জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। অপরদিকে, ২১৬ জনকে মুচলেকা নিয়ে অভিভাবকদের জিম্মায় দেওয়া হয়েছে।
এ বিষয়ে জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) মো. লুৎফর রহমান জানান, উঠতি বয়সী কিশোরদের অপরাধ থেকে দূরে রেখে পড়াশোনায় ফিরিয়ে আনা এবং তাদের যেন কোনো অপরাধী চক্র ব্যবহার করতে না পারে, সে লক্ষ্যেই নিয়মিত এ ধরনের অভিযান পরিচালনা করা হচ্ছে।
পাশাপাশি অভিযানের নামে কোনো নিরপরাধ ব্যক্তি যাতে হয়রানির শিকার না হন, সে বিষয়েও কঠোর নজরদারি রাখা হচ্ছে।
কিশোর অপরাধ, ছিনতাই, চুরি, মাদক ব্যবসা এবং কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের তৎপরতা প্রতিরোধে কুমিল্লা জেলা পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।









