মঙ্গলবার ১০ নভেম্বর, ২০২৬

কুমিল্লায় এক রাতের অভিযানে নিষিদ্ধ সংগঠনের ১০৭ সদস্য আটক

নিজস্ব প্রতিবেদক

কুমিল্লায় এক রাতের অভিযানে নিষিদ্ধ সংগঠনের ১০৭ সদস্য আটক

কুমিল্লায় পুলিশের বিশেষ অভিযানে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ১০৭ সদস্যকে আটক করা হয়েছে। জেলার ১৮টি থানা ও জেলা গোয়েন্দা শাখার (ডিবি) সমন্বয়ে এক রাতের বিশেষ অভিযানে তাদের আটক করা হয়।

মঙ্গলবার (১০ নভেম্বর) কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, অভিযানে কুমিল্লা কোতোয়ালি মডেল থানা এলাকা থেকে ১৪ জন, সদর দক্ষিণ মডেল থানা থেকে ৯ জন, চৌদ্দগ্রাম থেকে ৭ জন, চান্দিনা থেকে ৬ জন, বুড়িচং থেকে ৮ জন, ব্রাহ্মণপাড়া থেকে ৩ জন, বরুড়া থেকে ৪ জন, লাকসাম থেকে ৭ জন, মনোহরগঞ্জ থেকে ২ জন, নাঙ্গলকোট থেকে ৬ জন, দাউদকান্দি থেকে ১২ জন, তিতাস থেকে ৪ জন, হোমনা থেকে ৩ জন, মেঘনা থেকে ১ জন, দেবিদ্বার থেকে ৬ জন, মুরাদনগর থেকে ৪ জন, বাঙ্গরা থেকে ১ জন এবং লালমাই থেকে ৭ জনকে আটক করা হয়।

এ ছাড়া জেলা গোয়েন্দা শাখা (ডিবি) আরও তিনজনকে আটক করে।

অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান বলেন, দেশকে অস্থিতিশীল করার উদ্দেশ্যে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের সদস্যরা নাশকতাসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের চেষ্টা করছেন বলে পুলিশের কাছে তথ্য রয়েছে। এসব কর্মকাণ্ড প্রতিরোধের পাশাপাশি জননিরাপত্তা ও জানমালের সুরক্ষা নিশ্চিত করতে জেলা পুলিশের পক্ষ থেকে সমন্বিতভাবে এ অভিযান পরিচালনা করা হয়েছে।

তিনি আরও জানান, বিশেষ অভিযানে মোট ১০৭ জনকে আটক করা হয়েছে। পরে তাদের আদালতের মাধ্যমে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।

আরও পড়ুন