সোমবার ১২ অক্টোবর, ২০২৬

কুমিল্লায় অবৈধভাবে গ্যাস সিলিন্ডার রিফিল, ফিলিং স্টেশনকে লাখ টাকা জরিমানা

রাইজিং কুমিল্লা প্রতিবেদক

Rising Cumilla - Filling station in Cumilla fined Tk 1 lakh for illegal gas cylinder refilling.
কুমিল্লায় অবৈধভাবে গ্যাস সিলিন্ডার রিফিল, ফিলিং স্টেশনকে লাখ টাকা জরিমানা

কুমিল্লায় পেট্রোল পাম্পে অবৈধভাবে গ্যাস সিলিন্ডার রিফিল করার দায়ে মেসার্স জান্নাত ফিলিং স্টেশনকে এক লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অভিযানে গ্যাস রিফিলের যন্ত্রসহ প্রতিষ্ঠানটিকে হাতেনাতে শনাক্ত করা হয়।

রোববার (১১ অক্টোবর) কুমিল্লার ঝাগরজুলি, কোরপাই ও বুড়িচং এবং দিঘিরপাড় এলাকায় অবৈধভাবে গ্যাস সিলিন্ডার রিফিল বন্ধ করা ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার তদারকির অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়।

সহকারী পরিচালক মো. কাউছার মিয়ার নেতৃত্বে পরিচালিত এ অভিযানে জেলা পুলিশের একটি দল, গ্যাস কোম্পানির প্রতিনিধি এবং কুমিল্লা ডিলার মালিক সমিতির সদস্যরা সার্বিক সহযোগিতা করেন।

ভোক্তার সহকারী পরিচালক মো. কাউছার মিয়া বলেন, অভিযানে মেসার্স জান্নাত ফিলিং স্টেশন দীর্ঘদিন ধরে অবৈধভাবে বিভিন্ন কোম্পানির গ্যাস সিলিন্ডার রিফিল করে আসছিল বলে অভিযোগ ছিল। এসব অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে প্রতিষ্ঠানটিকে গ্যাস রিফিলের যন্ত্রসহ হাতেনাতে শনাক্ত করা হয়।

পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫২ ধারায় প্রতিষ্ঠানটিকে এক লাখ টাকা জরিমানা করা হয়। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের কার্যক্রম থেকে বিরত থাকার জন্য সতর্ক করা হয়েছে। অন্যথায় আরও কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়।

অবৈধভাবে গ্যাস সিলিন্ডার রিফিলের বিরুদ্ধে এ ধরনের তদারকি ও অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানানো হয়েছে।

আরও পড়ুন