শনিবার ২৬ সেপ্টেম্বর, ২০২৬

এবার দুর্গাপূজায় ভারতে ইলিশ পাঠাবে না বাংলাদেশ

রাইজিং কুমিল্লা ডেস্ক

RisingCumilla.Com - ilish Fish.webp
প্রতীকি ছবি/সংগৃহীত

প্রতি বছর দুর্গাপূজার আগে বাংলাদেশ থেকে ভারতে ইলিশ রপ্তানি করা হলেও এবার দেখা দিয়েছে ভিন্ন চিত্র। ভারতে ইলিশ পাঠানোর অনুমতি না দেওয়ার পাশাপাশি দেশের অভ্যন্তরীণ চাহিদা মেটাতে উল্টো ভারত থেকেই ইলিশ আমদানি করছে বাংলাদেশ।

সাধারণত দুর্গাপূজাকে সামনে রেখে সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে নির্দিষ্ট পরিমাণ ইলিশ ভারতে রপ্তানির অনুমতি দিয়ে থাকে বাংলাদেশ সরকার। ২০১৯ সাল থেকে পূজার সময় কয়েক দিনের জন্য ইলিশ রপ্তানির ওপর থাকা নিষেধাজ্ঞাও শিথিল করা হয়েছিল। তবে এবার সেই সুযোগ দেওয়া হয়নি।

এরই মধ্যে বাংলাদেশে ইলিশ ধরার ওপর নিষেধাজ্ঞার সময়ও ঘনিয়ে আসায় চলতি বছর ভারতে ইলিশ রপ্তানির আর কোনো সুযোগ থাকছে না বলে সংশ্লিষ্টদের বরাতে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম ফার্স্টপোস্ট।

অন্যদিকে, দেশে ইলিশের উৎপাদন কিছুটা কম হওয়ায় অভ্যন্তরীণ বাজারের চাহিদা পূরণে ভারত থেকে ইলিশ আমদানি করা হচ্ছে। বিশেষ করে ভারতের গুজরাট থেকে আমদানি করা এসব ইলিশে প্রচুর ডিম থাকায় চট্টগ্রাম ও সিলেটের বাজারে এর চাহিদা তৈরি হয়েছে।

ফলে প্রতি বছর যে সময়ে বাংলাদেশ থেকে ভারতে ইলিশ যায়, এবার সেই সময়েই উল্টো ভারত থেকে বাংলাদেশে ইলিশ আসছে। বাণিজ্যের এই বিপরীতমুখী চিত্রকে ইলিশের বাজারে এবারের ব্যতিক্রমী পরিস্থিতি হিসেবে দেখা হচ্ছে।

উল্লেখ্য, ২০১২ সাল থেকে বাংলাদেশ সাধারণভাবে ভারতে ইলিশ রপ্তানি বন্ধ রেখেছিল। পরে ২০১৯ সাল থেকে দুর্গাপূজা উপলক্ষে সীমিত সময়ের জন্য রপ্তানির অনুমতি দেওয়া হতো। পরবর্তী সময়েও সেই ধারাবাহিকতা বজায় ছিল। তবে এবার পূজাকে কেন্দ্র করে ভারতে ইলিশ রপ্তানির অনুমতি না দেওয়ায় দেশটির বাজারে বাংলাদেশি ইলিশের সরবরাহ থাকছে না।

সূত্র: ফার্স্টপোস্ট

আরও পড়ুন