
শিশু-কিশোরদের মানসিক স্বাস্থ্য সুরক্ষা, অনলাইন নিরাপত্তা নিশ্চিত করা এবং সামাজিক যোগাযোগমাধ্যমে অতিরিক্ত আসক্তি কমাতে বিশ্বের বিভিন্ন দেশ কঠোর অবস্থান নিয়েছে। ইতোমধ্যে বেশ কয়েকটি দেশে শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে আইন কার্যকর হয়েছে, আর অনেক দেশ নতুন আইন প্রণয়ন বা বিধিনিষেধ আরোপের পথে এগোচ্ছে।
বার্তা সংস্থা এএফপির তথ্য অনুযায়ী, বিশ্বের অন্তত ২০টি দেশ শিশুদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার নিয়ন্ত্রণে আইন করেছে, আইন প্রস্তাব করেছে অথবা নতুন বিধিনিষেধ আনার উদ্যোগ নিয়েছে। এর মধ্যে অস্ট্রেলিয়া, ব্রাজিল, চীন, ইন্দোনেশিয়া ও মালয়েশিয়ায় ইতোমধ্যে বিভিন্ন ধরনের বিধিনিষেধ কার্যকর রয়েছে।
এসব দেশের কোথাও শিশুদের জন্য নির্দিষ্ট বয়সসীমা নির্ধারণ করা হয়েছে, আবার কোথাও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করতে অভিভাবকের অনুমতি ও বাধ্যতামূলক বয়স যাচাই ব্যবস্থা চালু করা হয়েছে।
অন্যদিকে তুরস্ক শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে নিয়ন্ত্রণ সংক্রান্ত আইন পাস করেছে, যা চলতি বছরের শেষ দিকে কার্যকর হওয়ার কথা রয়েছে। সংযুক্ত আরব আমিরাতও ১৫ বছরের কম বয়সী শিশুদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার নিষিদ্ধ করার ঘোষণা দিয়েছে।
ইউরোপেও এ বিষয়ে ব্যাপক উদ্যোগ দেখা যাচ্ছে। ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) শিশুদের জন্য নতুন নিয়ম প্রণয়নের প্রস্তুতি নিচ্ছে। পাশাপাশি গ্রিস, অস্ট্রিয়া, স্লোভেনিয়া, জার্মানি, সুইডেন, ডেনমার্ক, নরওয়ে, যুক্তরাজ্য ও কানাডা বয়সসীমা নির্ধারণ বা নতুন আইন প্রণয়নের পরিকল্পনা করছে।
এদিকে ফ্রান্সে ১৫ বছরের কম বয়সী শিশুদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার নিষিদ্ধ করার একটি বিল পার্লামেন্টে উত্থাপিত হয়েছে। বিলটি পাস হলে আগামী সেপ্টেম্বর থেকে আইনটি কার্যকর করার পরিকল্পনা রয়েছে সরকারের।
এ ছাড়া পর্তুগাল, স্পেন ও ইতালিতেও শিশুদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার সীমিত করতে নতুন আইন নিয়ে আলোচনা চলছে।
বিশেষজ্ঞদের মতে, শিশুদের অতিরিক্ত সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার তাদের মানসিক স্বাস্থ্য, ঘুম, পড়াশোনা ও সামাজিক বিকাশে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। এ কারণে বিশ্বের বিভিন্ন দেশ অনলাইনে শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে বয়সভিত্তিক বিধিনিষেধ আরোপের দিকে ঝুঁকছে।











