
সরকারি চাকরিজীবীদের সামনে আসছে টানা চার দিনের ছুটি ভোগের সুযোগ। পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ঘোষিত সাধারণ ছুটির সঙ্গে সাপ্তাহিক ছুটি যুক্ত হওয়ায় এ সুযোগ তৈরি হয়েছে।
সরকারের চলতি বছরের ছুটির তালিকা অনুযায়ী, আগামী ২৬ আগস্ট (বুধবার) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে সাধারণ ছুটি নির্ধারিত রয়েছে। তবে ইসলামিক ক্যালেন্ডার অনুযায়ী চাঁদ দেখার ওপর এ দিনের চূড়ান্ত নির্ধারণ নির্ভর করবে।
ছুটির হিসাব অনুযায়ী, ২৬ আগস্ট বুধবার সরকারি ছুটির পরদিন ২৭ আগস্ট বৃহস্পতিবার কর্মদিবস। এরপর ২৮ ও ২৯ আগস্ট (শুক্র ও শনিবার) সাপ্তাহিক ছুটি রয়েছে। ফলে কেউ যদি ২৭ আগস্ট একদিনের ছুটি নিতে পারেন, তাহলে তিনি টানা চার দিনের অবকাশ কাটানোর সুযোগ পাবেন।
সাধারণত ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে দেশের সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানসহ অধিকাংশ বেসরকারি অফিস বন্ধ থাকে।
তবে জরুরি সেবাখাতের আওতাভুক্ত বিদ্যুৎ, পানি, গ্যাস, ফায়ার সার্ভিস, হাসপাতাল, চিকিৎসাসেবা, টেলিযোগাযোগ, ইন্টারনেট ও ডাকসেবা সংশ্লিষ্ট প্রতিষ্ঠান এবং দায়িত্বে নিয়োজিত কর্মীদের ক্ষেত্রে এ ছুটি প্রযোজ্য হয় না। এছাড়া জরুরি ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম পরিবহন এবং জরুরি যানবাহন সেবাও স্বাভাবিকভাবে পরিচালিত হয়।
এদিকে ব্যাংক খোলা বা বন্ধ রাখার বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দিয়ে থাকে বাংলাদেশ ব্যাংক। অন্যদিকে আদালতের কার্যক্রম পরিচালনা সংক্রান্ত সিদ্ধান্ত গ্রহণ করে বাংলাদেশ সুপ্রিম কোর্ট।
আগস্টের শেষ সপ্তাহে এ দীর্ঘ ছুটির সম্ভাবনায় সরকারি চাকরিজীবীদের অনেকেই ইতোমধ্যে ব্যক্তিগত ও পারিবারিক ভ্রমণ পরিকল্পনা শুরু করেছেন।











