শনিবার ১৪ মার্চ, ২০২৬

একটি দলকে একটু বিশেষ সুবিধা দেওয়া হচ্ছে: আসিফ মাহমুদ

নিজস্ব প্রতিবেদক

আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া/ছবি: সংগৃহীত

প্রশাসনিক রদবদলের ক্ষেত্রে নির্বাচন কমিশনের (ইসি) সাম্প্রতিক কিছু সিদ্ধান্ত বিএনপির সুপারিশের ভিত্তিতে হয়েছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি বলেছেন, প্রশাসনিক রদবদল একটি স্বাভাবিক প্রক্রিয়ার মধ্য দিয়ে এবং সবার ক্ষেত্রে সমানভাবে নিরপেক্ষভাবে হওয়ার কথা থাকলেও বাস্তবে একটি দলকে বিশেষ সুবিধা দেওয়া হচ্ছে। তিনি বলেন, কোনো একটি নির্দিষ্ট দলের প্রার্থী প্রস্তাব করলে অনেক ক্ষেত্রে ওই দিনই বা পরদিনের মধ্যেই সংশ্লিষ্ট কর্মকর্তাকে সেখান থেকে প্রত্যাহার হয়ে যাচ্ছেন।

সোমবার বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে জামায়াত ও এনসিপিসহ ১১ দলীয় জোটের প্রতিনিধি দলের বৈঠক শেষে সাংবাদিকদের কাছে এসব অভিযোগ করেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

তিনি জানান, বৈঠকে প্রশাসনিক রদবদল এবং ভোটকেন্দ্রে বিএনসিসির দায়িত্ব সংক্রান্ত সিদ্ধান্তে নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। এনসিপির পক্ষ থেকে বলা হয়েছে, বিএনপির দাবির পর ইসির অবস্থানে প্রভাবের স্পষ্ট ছাপ দেখা যাচ্ছে।

তিনি আরও বলেন, নির্বাচন কমিশন বৈঠকে জানিয়েছে যে বিষয়টি তারা পুনর্বিবেচনা করছে। যেহেতু এবারের নির্বাচনটি কিছুটা ভিন্ন প্রেক্ষাপটে অনুষ্ঠিত হতে যাচ্ছে, সে ক্ষেত্রে অতিরিক্ত বাহিনী থাকলে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সহায়ক হবে বলে তারা মনে করে।

এনসিপির এই মুখপাত্র জানান, তাদের আরেকটি অভিজ্ঞতা হলো—দলীয় প্রার্থীরা বিভিন্ন কর্মকর্তার বিষয়ে লিখিতভাবে নির্বাচন কমিশনে অভিযোগ জমা দিলেও অনেক ক্ষেত্রে কোনো উত্তর পাওয়া যাচ্ছে না।

প্রশাসন বিএনপির পক্ষে কাজ করছে—এমন ইঙ্গিত দিয়ে তিনি বলেন, মাঠপর্যায়ে পুলিশ ও জনপ্রশাসনের সঙ্গে সংশ্লিষ্ট কিছু কর্মকর্তার আচরণ অস্বাভাবিক বলে তারা লক্ষ্য করেছেন। অভিযোগ অনুযায়ী, কিছু ক্ষেত্রে ভোটারদের ভয়ভীতি প্রদর্শন করা হচ্ছে বা নির্দিষ্ট কোনো দলে ভোট দেওয়ার জন্য চাপ প্রয়োগের চেষ্টা দেখা যাচ্ছে। এমনকি কিছু ব্যবসায়ী গ্রুপের সঙ্গেও যোগাযোগ করে প্রভাব বিস্তারের চেষ্টা করা হচ্ছে বলেও দাবি করেন তিনি।

এসব ঘটনার পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশনের কাছে নির্দিষ্ট কয়েকজন কর্মকর্তাকে অপসারণ ও বদলির জন্য ইতোমধ্যে অনুরোধ জানিয়েছে এনসিপি, বলে জানান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

আরও পড়ুন