মঙ্গলবার ২৬ মে, ২০২৬

ঈদে রান্না করুন আপনার পছন্দের গরুর ভুঁড়ি ভুনা, রইলো সহজ রেসিপি

লাইফস্টাইল ডেস্ক

Rising Cumilla - Gorur vuri Bhuna recipe
গরুর ভুঁড়ি ভুনা/ছবি: রাইজিং কুমিল্লা সম্পাদিত

গরুর ভুঁড়ি ভুনা দেশের অন্যতম জনপ্রিয় ও মুখরোচক খাবার। সঠিকভাবে পরিষ্কার করে মসলার পরিমিত ব্যবহারে রান্না করলে এই খাবারের স্বাদ হয়ে ওঠে অসাধারণ। গরম ভাত, রুটি, পরোটা কিংবা খিচুড়ির সঙ্গে গরুর ভুঁড়ি ভুনা অনেকেরই পছন্দের তালিকায় শীর্ষে থাকে।

শুধু স্বাদেই নয়, পুষ্টিগুণেও সমৃদ্ধ গরুর ভুঁড়ি। এতে রয়েছে আয়রন, পটাসিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, ফসফরাস, জিংক ও সেলেনিয়ামের মতো গুরুত্বপূর্ণ উপাদান। বিশেষজ্ঞদের মতে, পরিমিত পরিমাণে সেলেনিয়াম গ্রহণ হৃদরোগ, আর্থ্রাইটিস ও বন্ধ্যত্বের ঝুঁকি কমাতে সহায়তা করে।

চলুন জেনে নেওয়া যাক সুস্বাদু গরুর ভুঁড়ি ভুনার সহজ রেসিপি—

উপকরণ

  • গরুর ভুঁড়ি – দেড় কেজি
  • তেল – পৌনে ১ কাপ
  • পেঁয়াজ কুচি – ২ কাপ
  • আদা-রসুন বাটা – ২ টেবিল চামচ
  • হলুদ গুঁড়ো – ১ টেবিল চামচ
  • মরিচ গুঁড়ো – ১ টেবিল চামচ
  • ধনে গুঁড়ো – ১ টেবিল চামচ
  • জিরা গুঁড়ো – ১ টেবিল চামচ
  • গরম মসলার গুঁড়ো – ১ চা চামচ
  • শুকনো বা কাঁচামরিচ – ৪-৫টি
  • পানি – ২ কাপ
  • লবণ – স্বাদমতো

প্রণালি

প্রথমে গরুর ভুঁড়ি ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। এরপর একটি প্যানে তেল গরম করে পেঁয়াজ, আদা ও রসুন বাটা দিয়ে মাঝারি আঁচে কষিয়ে নিন।

এরপর সামান্য পানি দিয়ে একে একে হলুদ, মরিচ, ধনে, জিরা গুঁড়ো ও লবণ মিশিয়ে ভালোভাবে কষিয়ে নিন। মসলা থেকে তেল ছেড়ে এলে পরিষ্কার করা ভুঁড়ি দিয়ে ৫ থেকে ৬ মিনিট নেড়ে কষাতে হবে।

এরপর দুই কাপ পানি দিয়ে ঢেকে মাঝারি আঁচে রান্না করুন। কিছুক্ষণ পরপর নেড়ে দিন যাতে নিচে লেগে না যায়। পানি শুকিয়ে এলে উপরে ভাজা জিরা গুঁড়ো ও সামান্য গরম মসলার গুঁড়ো ছিটিয়ে ভালোভাবে মিশিয়ে নিন।

যদি সামান্য ঝোল রাখতে চান, তাহলে এ সময় অল্প গরম পানি যোগ করতে পারেন। আর ভাজা ভাজা স্বাদ পেতে চাইলে আরও ৭ থেকে ৮ মিনিট কম আঁচে ভেজে নিন।

ভুঁড়ি ভুনা কালচে রং ধারণ করলে নামিয়ে গরম গরম পরিবেশন করুন। ভাত, রুটি কিংবা পরোটার সঙ্গে দারুণ উপভোগ্য এই ঐতিহ্যবাহী খাবার।

আরও পড়ুন