
কুমিল্লার লাকসাম রেলওয়ে জংশনে এক হৃদয়বিদারক দুর্ঘটনায় ট্রেনে কাটা পড়ে এক যাত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৭ মার্চ) সন্ধ্যায় এ ঘটনা ঘটে।
নিহত যাত্রীর নাম শাহজালাল রতন (৪০)। তিনি কুমিল্লার বরুড়া উপজেলার বোয়ালিয়া গ্রামের মৃত আবদুর রশিদের ছেলে। পেশাগত জীবনে তিনি চট্টগ্রামের একটি ঔষধ কোম্পানিতে কর্মরত ছিলেন।
জানা যায়, পবিত্র ঈদুল ফিতর পরিবারের সঙ্গে উদযাপন করতে শাহজালাল রতন চট্টগ্রাম থেকে ঢাকাগামী আন্তঃনগর মহানগর ট্রেনে করে বাড়ি ফিরছিলেন। সন্ধ্যা প্রায় ৬টার দিকে ট্রেনটি লাকসাম রেলওয়ে জংশনে পৌঁছালে তিনি নেমে পড়েন। তবে অসাবধানতাবশত নিজের একটি ব্যাগ ট্রেনের ভেতরে রেখে যান।
পরবর্তীতে ব্যাগটি আনতে তিনি দ্রুত আবার ট্রেনে ওঠার চেষ্টা করেন। ঠিক সেই সময় ট্রেনটি স্টেশন ছেড়ে চলতে শুরু করে। চলন্ত ট্রেনে উঠতে গিয়ে তিনি পা পিছলে নিচে পড়ে যান এবং ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এ বিষয়ে লাকসাম রেলওয়ে থানার ওসি জসিম উদ্দিন জানান, নিহত শাহজালাল রতনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তার স্বজনরা এলে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ তাদের কাছে হস্তান্তর করা হবে।










