
আগামী ঈদুল ফিতরের আগেই পরীক্ষামূলকভাবে “ফ্যামিলি কার্ড” চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সচিবালয়ে অনুষ্ঠিত ফ্যামিলি কার্ড সংক্রান্ত আন্তঃমন্ত্রণালয় সভায় এ সিদ্ধান্ত হয়। বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান মন্ত্রী। সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
মন্ত্রী বলেন, নির্বাচনি ইশতেহারে ফ্যামিলি কার্ডের বিষয়টি বিস্তারিতভাবে উল্লেখ রয়েছে। এটি কীভাবে কার্যকর করা হবে, তা নিয়েই আজকের বৈঠকে আলোচনা হয়েছে। ফ্যামিলি কার্ড দেওয়া হবে—এ বিষয়টিই ছিল মূল আলোচনার কেন্দ্রবিন্দু।
কত পরিবারকে এই কার্ড দেওয়া হবে—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এটি সার্বজনীন উদ্যোগ। এতে কোনো নির্দিষ্ট বিধিনিষেধ থাকবে না। তবে বাস্তবায়নের জন্য একটি কমিটি গঠন করা হয়েছে। সম্ভাব্যভাবে কার্যক্রম শুরু হবে হতদরিদ্রদের দিয়ে, এরপর দরিদ্র এবং পর্যায়ক্রমে মধ্যবিত্ত পরিবারগুলোকে অন্তর্ভুক্ত করা হবে।
মন্ত্রী আরও জানান, ঈদের আগেই পাইলট প্রকল্প হিসেবে এই কার্যক্রম চালু করার পরিকল্পনা রয়েছে। প্রধানমন্ত্রী অন্তত পরীক্ষামূলকভাবে ঈদের আগেই এটি চালু করতে আগ্রহী। কীভাবে কার্যক্রম শুরু করা হবে—সেই প্রক্রিয়া নিয়েই বৈঠকে বিস্তারিত আলোচনা হয়েছে।








