বুধবার ১৪ অক্টোবর, ২০২৬

ইলিশ আহরণে নিষেধাজ্ঞা: চাঁদপুরে জেলেরা পেলেন ২৫ কেজি করে চাল

নিজস্ব প্রতিবেদক

Rising Cumilla - Ban on Hilsa fishing- Fishermen in Chandpur receive 25 kg of rice each.
ইলিশ আহরণে নিষেধাজ্ঞা: চাঁদপুরে জেলেরা পেলেন ২৫ কেজি করে চাল/ছবি : সংগৃহীত

মা ইলিশ সংরক্ষণ ও ইলিশের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে সরকারি নিষেধাজ্ঞা মেনে মাছ ধরা থেকে বিরত থাকা চাঁদপুর পৌর এলাকার ২ হাজার ৪৭৬ জন জেলের মাঝে ভিজিএফের চাল বিতরণ করা হয়েছে। প্রত্যেক জেলেকে ২৫ কেজি করে চাল দেওয়া হয়।

বুধবার (১৪ অক্টোবর) সকাল ১০টায় চাঁদপুর পৌর পাঠাগারে আয়োজিত এ চাল বিতরণ কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর-সদর-হাইমচর আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চাঁদপুর পৌর প্রশাসক দেবাশীষ চৌধুরী, পৌর নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ নূর আজম বীন আখতার (নূর আজম শরীফ), চাঁদপুর জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সুভাষ চন্দ্র রায়, সাধারণ সম্পাদক তমাল কুমার ঘোষ ও যুগ্ম সাধারণ সম্পাদক গোপাল সাহা।

এ ছাড়া উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা বিএনপির সহসভাপতি খলিলুর রহমান গাজী, পৌর বিএনপির সভাপতি আক্তার হোসেন মাঝি, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হযরত আলী ঢালী, জেলা যুবদলের সভাপতি মানিকুর রহমান মানিক এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুরুল আমিন খান আকাশসহ বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিরা।

উল্লেখ্য, মা ইলিশের প্রজনন মৌসুমে গত ৮ অক্টোবর থেকে আগামী ২৯ অক্টোবর পর্যন্ত ২২ দিন ইলিশ আহরণে সরকারি নিষেধাজ্ঞা কার্যকর রয়েছে। এ নিষেধাজ্ঞা বাস্তবায়নের অংশ হিসেবে জেলেদের জীবিকা নির্বাহে সহায়তা এবং ইলিশ আহরণ থেকে বিরত থাকতে উৎসাহিত করার লক্ষ্যে ভিজিএফ কর্মসূচির আওতায় এ খাদ্যসহায়তা দেওয়া হয়।

মা ইলিশের প্রজনন নির্বিঘ্ন রাখা এবং ইলিশের উৎপাদন বৃদ্ধির পাশাপাশি নিষেধাজ্ঞাকালীন সময়ে জেলেদের খাদ্যসংকট কিছুটা লাঘব করাই এ কর্মসূচির মূল উদ্দেশ্য।

আরও পড়ুন