সোমবার ১৫ জুন, ২০২৬

আশুলিয়ায় মোবাইল বিস্ফোরণে প্রাণ হারালেন ফেনীর মিজান

নিজস্ব প্রতিবেদক

RisingCumilla - Feni businessman dies in mobile phone explosion in Ashulia
আশুলিয়ায় মোবাইল বিস্ফোরণে প্রাণ হারালেন ফেনীর মিজান/ছবি: সংগৃহীত

ঢাকার আশুলিয়ায় মোবাইল ফোন বিস্ফোরণে দগ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন মিজানুর রহমান (৪০)। সোমবার (১৫ জুন) ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এর আগে শনিবার (১৩ জুন) গভীর রাতে আশুলিয়ার রশিদ মার্কেট সংলগ্ন এলাকায় ভাড়া বাসায় থাকা অবস্থায় চার্জে লাগানো মোবাইল ফোন ব্যবহার করার সময় বিস্ফোরণের ঘটনা ঘটে।

নিহত মিজানুর রহমানের বাড়ি ফেনীর ছাগলনাইয়া উপজেলার ঘোপাল ইউনিয়নে। তিনি আশুলিয়ার সোনিয়া মার্কেট এলাকায় স্টক লটের ব্যবসা করতেন এবং স্থানীয় আলীমের বাসায় ভাড়া থাকতেন।

স্থানীয় সূত্রে জানা যায়, মোবাইল ফোন বিস্ফোরণের পর ঘরে আগুন ধরে গেলে মিজানুর রহমান মারাত্মকভাবে দগ্ধ হন। এ সময় তার চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে আসেন। ঘরের বারান্দার তালা ভেঙে তাকে উদ্ধার করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিস্ফোরণের ফলে ঘরের বিভিন্ন আসবাবপত্র পুড়ে যায়। ঘটনাস্থলে মোবাইল ফোনের পোড়া অংশও পড়ে থাকতে দেখা যায়। পরে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে এনে গুরুতর আহত মিজানকে উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করেন।

সেখানে কয়েকদিন চিকিৎসাধীন থাকার পর সোমবার তিনি মৃত্যুবরণ করেন।

আরও পড়ুন