
ফেনীর দক্ষিণাঞ্চলের মানুষের দীর্ঘদিনের দাবি পূরণে শুরু হয়েছে ফেনী-সোনাগাজী-মুহুরী আঞ্চলিক মহাসড়ক নির্মাণ প্রকল্প। সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তরের তত্ত্বাবধানে প্রায় ১৪০ কোটি টাকা ব্যয়ে এই বৃহৎ উন্নয়নকাজ বাস্তবায়ন করা হচ্ছে।
সওজ ও স্থানীয় সূত্র জানায়, চলতি বছরের ফেব্রুয়ারিতে ১৮ কিলোমিটার দীর্ঘ এই সড়কের নির্মাণকাজ শুরু হয়। প্রকল্পটি ২০২৮ সালের জানুয়ারিতে শেষ হওয়ার কথা রয়েছে। নতুন সড়কটি হবে ৩৪ ফুট প্রশস্ত, যা দক্ষিণ ফেনীর যোগাযোগ ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন আনবে বলে আশা করা হচ্ছে।
প্রকল্পের অংশ হিসেবে ইতোমধ্যে সড়কের দুই পাশের ঝুঁকিপূর্ণ গাছ অপসারণ ও মাটি ভরাটের কাজ প্রায় শেষ পর্যায়ে। একইসাথে সড়কের ওপর থাকা ২০টি পুরনো ও সরু কালভার্ট ভেঙে নতুন ও প্রশস্ত কালভার্ট নির্মাণ করা হচ্ছে।
স্থানীয় ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স নুরনবী ও মোস্তফা জামান প্রাইভেট লিমিটেড যৌথভাবে প্রকল্পটি বাস্তবায়ন করছে। প্রতিষ্ঠানটির প্রতিনিধি মো. নুর নবী বলেন,
“গুণগত মান বজায় রেখে নির্ধারিত সময়ের মধ্যেই কাজ শেষ করার চেষ্টা চলছে। এই প্রকল্প বাস্তবায়িত হলে দক্ষিণ ফেনীর যোগাযোগ ব্যবস্থায় বড় পরিবর্তন আসবে।”
ফেনী সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী সুনীতি চাকমা বলেন,
“সোনাগাজী-ফেনী আঞ্চলিক মহাসড়কটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি সোনাগাজীর শিল্পাঞ্চলের সঙ্গে সরাসরি সংযোগ স্থাপন করবে। ফলে যানজট কমবে এবং যাতায়াত আরও নিরাপদ ও সহজ হবে।”








