
ডিজিটাল পেমেন্ট আরও সহজ ও জনপ্রিয় করতে বাংলা কিউআরের মাধ্যমে ব্যক্তি থেকে ব্যক্তি (পিটুপি) লেনদেন চালুর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। এ সুবিধা চালু হলে ব্যাংক, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) ও পেমেন্ট সার্ভিস প্রোভাইডার (পিএসপি) প্রতিষ্ঠানের গ্রাহকেরা বাংলা কিউআর ব্যবহার করে সরাসরি একে অন্যকে অর্থ পাঠাতে পারবেন।
সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্ট থেকে সংশ্লিষ্ট আর্থিক প্রতিষ্ঠানগুলোকে এ বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে।
কেন্দ্রীয় ব্যাংকের চিঠিতে বলা হয়েছে, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর নিজস্ব অ্যাপে পিটুপি লেনদেনের জন্য নির্দিষ্ট বাংলা কিউআর কোড তৈরির সুবিধা রাখতে হবে। একই সঙ্গে অন্য ব্যক্তি বা গ্রাহকের পাঠানো পিটুপি কিউআর কোড স্ক্যান অথবা আপলোড করে লেনদেন সম্পন্ন করার সক্ষমতাও অ্যাপে যুক্ত করতে হবে।
নির্দেশনা অনুযায়ী, আগামী ১ অক্টোবর ২০২৬ থেকে বাংলা কিউআরের মাধ্যমে ব্যক্তি থেকে ব্যক্তি (পিটুপি) লেনদেন কার্যকর করার উদ্যোগ নেওয়া হয়েছে। আর ১ নভেম্বর ২০২৬ থেকে ব্যাংক, এমএফএস ও পিএসপি প্রতিষ্ঠানগুলোকে এ সুবিধা চালুর জন্য প্রস্তুত থাকতে হবে।
বাংলাদেশে বর্তমানে প্রতিদিন বাংলা কিউআরের মাধ্যমে প্রায় ৫০ থেকে ৬০ কোটি টাকার লেনদেন হচ্ছে। ব্যক্তি থেকে ব্যক্তি লেনদেনের সুবিধা চালু হলে বাংলা কিউআরের ব্যবহার ও লেনদেনের পরিমাণ আরও কয়েক গুণ বাড়বে বলে আশা করছে কেন্দ্রীয় ব্যাংক।










