
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৮ (বরুড়া) আসন থেকে জেলার সর্বোচ্চ ভোটে নির্বাচিত সংসদ সদস্য জাকারিয়া তাহের সুমনকে মন্ত্রী করা হয়েছে। তিমি পেয়েছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের দায়িত্ব।
দীর্ঘ ৭৮ বছর পর বরুড়া উপজেলা থেকে প্রথমবারের মতো মন্ত্রী হওয়ায় স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে আনন্দের জোয়ার বইছে। উপজেলাজুড়ে মিষ্টি বিতরণ করে উচ্ছ্বাস প্রকাশ করা হয়।
জাকারিয়া তাহের সুমনের ব্যক্তিগত সহকারী ও বিএনপি নেতা মোয়াজ্জেম হোসেন কল্লোল বিষয়টি নিশ্চিত করেছেন।
সূত্রে জানা গেছে, জাকারিয়া তাহের সুমন বর্তমানে বিএনপির কেন্দ্রীয় কমিটির কর্মসংস্থান বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি আন্তর্জাতিক বিষয়ক সম্পাদকের দায়িত্বে ছিলেন। পাশাপাশি তিনি কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সভাপতির দায়িত্বও পালন করছেন।
রাজনৈতিক জীবনে তিনি প্রথমবার ২০০৪ সালের ডিসেম্বর মাসে উপনির্বাচনে বরুড়া আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৮ (বরুড়া) আসন থেকে দ্বিতীয়বারের মতো বিপুল ভোটে জয় লাভ করেন। এ নির্বাচনে তিনি এক লাখ ৬৯ হাজার ১৭৮ ভোট পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হন, যা কুমিল্লার ১১টি আসনের মধ্যে সর্বোচ্চ ব্যবধান।
বরুড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সৈয়দ জহিরুল হক স্বপন বলেন, “কুমিল্লার ১১টি আসনের মধ্যে সবচেয়ে বড় ব্যবধানে জয় পেয়েছেন জাকারিয়া তাহের সুমন। দীর্ঘ ৭৮ বছর পর আমরা একজন মন্ত্রী পেয়েছি। আশা করছি, এবার বরুড়ায় ব্যাপক উন্নয়ন হবে।”
উল্লেখ্য, জাকারিয়া তাহের সুমনের বাবা এ কে এম আবু তাহের একই আসন থেকে তিনবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। ১৯৪৮ সালের ২৪ মার্চ বরুড়া উপজেলা প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার পর গত ৭৮ বছরে এই উপজেলা থেকে কেউ মন্ত্রী হননি। জাকারিয়া তাহের সুমনই প্রথমবারের মতো বরুড়া থেকে মন্ত্রিত্ব লাভ করলেন।








