বৃহস্পতিবার ৫ ফেব্রুয়ারি, ২০২৬

৬ কোটি ৪৪ লাখ রুপিতে সরাসরি চুক্তিতে মোস্তাফিজকে দলে নিল লাহোর

রাইজিং স্পোর্টস

Rising Cumilla - Mustafizuk
৬ কোটি ৪৪ লাখ রুপিতে সরাসরি চুক্তিতে মোস্তাফিজকে দলে নিল লাহোর/ছবি: সংগৃহীত

পাকিস্তান সুপার লিগে (পিএসএল) সরাসরি চুক্তির মাধ্যমে বাংলাদেশি বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমানকে দলে নিয়েছে লাহোর কালান্দার্স। এই চুক্তির জন্য ফ্র্যাঞ্চাইজিটির ব্যয় হয়েছে ৬ কোটি ৪৪ লাখ পাকিস্তানি রুপি, যা বাংলাদেশি মুদ্রায় ২ কোটি ৮১ লাখ টাকার বেশি।

এর আগেও পিএসএলের ২০১৬ ও ২০১৮ মৌসুমে লাহোর কালান্দার্সের হয়ে খেলেছিলেন মোস্তাফিজ। এবারও তাকে দলে নেওয়ার বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে ফ্র্যাঞ্চাইজিটি।

লাহোর কালান্দার্স এক বিবৃতিতে জানায়, “আমাদের বাংলাদেশি ভাই মোস্তাফিজুর রহমান, যাকে ২০১৬ ও ২০১৮ সালে দলে নেওয়া হয়েছিল, এবার সরাসরি চুক্তিতে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। অবশেষে তিনি আবারও পরিবারের মাঝে ফিরে এসেছেন।”

২০১৮ সালের পিএসএলে লাহোর কালান্দার্সের জার্সিতে ৫ ম্যাচে ৬.৪৩ ইকোনমি রেটে ৪ উইকেট নিয়েছিলেন মোস্তাফিজ। তার অভিজ্ঞতা ও বৈচিত্র্যময় বোলিংয়ের কারণে এবার তাকে নিয়ে অন্য দলগুলোর মধ্যেও কাড়াকাড়ি পড়তে পারত। তবে আগেভাগেই সরাসরি চুক্তিতে ফিজকে নিশ্চিত করে সেই সুযোগ আর দেয়নি লাহোর।

এদিকে, আসন্ন পিএসএলে প্রথমবারের মতো নিলাম পদ্ধতিতে খেলোয়াড় বাছাই করবে ফ্র্যাঞ্চাইজিগুলো। এর আগে টানা ১০ আসর ড্রাফট পদ্ধতিতে দল গঠন করা হয়েছিল। আগামী ১১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে এই নিলাম।

গত আসরের দলগুলোর সঙ্গে এবার যুক্ত হয়েছে আরও দুটি নতুন ফ্র্যাঞ্চাইজি। ফলে এবারের পিএসএলে মোট ৮টি দল শিরোপার লড়াইয়ে অংশ নেবে।

আরও পড়ুন