বৃহস্পতিবার ১৭ সেপ্টেম্বর, ২০২৬

৫০০ থেকে ৭০০ শয্যা হচ্ছে জাতীয় ক্যানসার হাসপাতাল

নিজস্ব প্রতিবেদক

Rising Cumilla - National Institute of Cancer Research & Hospital
জাতীয় ক্যানসার হাসপাতাল/ছবি: সংগৃহীত

ক্যানসার রোগীদের চিকিৎসাসেবা আরও সম্প্রসারণে ঢাকার জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের শয্যা সংখ্যা বাড়ানোর প্রশাসনিক অনুমোদন দিয়েছে সরকার। এর ফলে হাসপাতালটির বর্তমান ৫০০ শয্যা থেকে সংখ্যা বেড়ে ৭০০ শয্যায় উন্নীত হবে। নতুন করে যুক্ত হবে আরও ২০০ শয্যা।

বুধবার (১৬ সেপ্টেম্বর) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের সরকারি স্বাস্থ্য ব্যবস্থাপনা-১ শাখা থেকে এ-সংক্রান্ত আদেশ জারি করা হয়।

উপসচিব কাজী শরীফ উদ্দিন আহমেদ স্বাক্ষরিত আদেশে হাসপাতালের শয্যা সংখ্যা বৃদ্ধি এবং বর্ধিত শয্যায় চিকিৎসাসেবা কার্যক্রম চালুর প্রশাসনিক অনুমোদনের বিষয়টি জানানো হয়েছে।

আদেশে বলা হয়, অর্থ বিভাগের সম্মতির পরিপ্রেক্ষিতে এবং সংশ্লিষ্ট সব বিধি-বিধান, আনুষ্ঠানিকতা ও নিয়মকানুন যথাযথভাবে প্রতিপালনের শর্তে জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের শয্যা সংখ্যা ৫০০ থেকে ৭০০-তে উন্নীত করা হয়েছে। একই সঙ্গে বাড়তি শয্যায় চিকিৎসাসেবা কার্যক্রম চালুর অনুমোদন দেওয়া হয়েছে।

মন্ত্রণালয়ের নির্দেশনায় আরও বলা হয়েছে, নতুন শয্যায় চিকিৎসাসেবা চালুর ক্ষেত্রে সংশ্লিষ্ট সব বিধি-বিধান ও আনুষ্ঠানিকতা যথাযথভাবে অনুসরণ করতে হবে। অর্থ বিভাগের সম্মতির ভিত্তিতেই এ প্রশাসনিক অনুমোদন দেওয়া হয়েছে।

দেশের ক্যানসার রোগীদের চিকিৎসায় জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতাল একটি গুরুত্বপূর্ণ বিশেষায়িত সরকারি প্রতিষ্ঠান। নতুন ২০০ শয্যা যুক্ত হলে হাসপাতালে রোগী ভর্তি ও চিকিৎসাসেবা দেওয়ার সক্ষমতা বাড়বে বলে আশা করা হচ্ছে। এতে ক্যানসার চিকিৎসা নিতে আসা রোগীদের জন্য অতিরিক্ত শয্যা সুবিধা তৈরি হবে।

সূত্র: বাসস

আরও পড়ুন