বুধবার ১৫ এপ্রিল, ২০২৬

৫ লাখ অভিবাসীকে বৈধতা দিচ্ছে স্পেন, বাংলাদেশিদের আনন্দ-উচ্ছ্বাস

রাইজিং কুমিল্লা ডেস্ক

Rising Cumilla - Spain legalizes 500,000 immigrants, Bangladeshis rejoice
বার্সেলোনায় বসবাসরত বাংলাদেশিদের উচ্ছ্বাস/ছবি : সংগৃহীত

ইউরোপজুড়ে যখন অভিবাসননীতি ক্রমেই কঠোর হচ্ছে, ঠিক তখনই ব্যতিক্রমী  সিদ্ধান্ত নিলো স্পেন। দেশটি প্রায় ৫ লাখ অবৈধ অভিবাসীকে বৈধতা দেওয়ার উদ্যোগ নিয়েছে, যা ইতোমধ্যে আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে।

এই সিদ্ধান্তের পেছনে অর্থনৈতিক প্রয়োজন, জনসংখ্যার ভারসাম্য এবং বাস্তবতাকে প্রধান যুক্তি হিসেবে তুলে ধরেছে সরকার। প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ একে ন্যায্য ও সময়োপযোগী পদক্ষেপ হিসেবে উল্লেখ করেছেন।

এদিকে এই ঘোষণার পর বার্সেলোনা-এ বসবাসরত বাংলাদেশিদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাসের দৃশ্য দেখা গেছে।

আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, তারা উল্লাসে ফেটে পড়েছেন এবং বিভিন্ন স্লোগানের মাধ্যমে স্পেন সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছেন।

সরকারি ঘোষণায় বলা হয়েছে, এই সুবিধা পেতে আবেদনকারীদের অন্তত পাঁচ মাস স্পেনে বসবাসের প্রমাণ এবং অপরাধমুক্ত পরিচ্ছন্ন রেকর্ড দেখাতে হবে। আগামী ১৬ এপ্রিল থেকে জুন মাসের শেষ পর্যন্ত আবেদন গ্রহণ করা হবে। অনুমোদন পাওয়া গেলে তারা কাজের সুযোগ, সামাজিক নিরাপত্তা নম্বর এবং সরকারি স্বাস্থ্যসেবার আওতায় আসবেন।

স্পেন সরকার মনে করছে, এই অভিবাসীরাই দেশের অর্থনীতি ও জনসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। জনসংখ্যার বার্ধক্য মোকাবিলা এবং শ্রমবাজারের ঘাটতি পূরণে তাদের বৈধতা দেওয়া জরুরি হয়ে উঠেছে। একই সঙ্গে অতীতে স্পেনের নাগরিকদের বিদেশে কাজের জন্য পাড়ি জমানোর ইতিহাসও এই সিদ্ধান্তের নৈতিক ভিত্তি হিসেবে তুলে ধরা হয়েছে।

তবে বিরোধী দল পিপলস পার্টি এই সিদ্ধান্তের কঠোর সমালোচনা করেছে। তাদের মতে, সরকারের এই উদ্যোগ অবৈধ অভিবাসনকে উৎসাহিত করবে এবং ভবিষ্যতে আরও বেশি মানুষের অনুপ্রবেশ বাড়াতে পারে।

অন্যদিকে, ক্যাথলিক চার্চসহ সমাজের কিছু অংশ এই পদক্ষেপকে মানবিক ও বাস্তবসম্মত বলে সমর্থন জানিয়েছে। ইউরোপজুড়ে অভিবাসন নিয়ে কঠোর অবস্থানের বিপরীতে স্পেনের এই উদ্যোগ নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে।

আরও পড়ুন