বৃহস্পতিবার ১১ জুন, ২০২৬

২০২৬-২৭ বাজেট: পরিবহন খাতের চার বিভাগেই বরাদ্দ কমানোর প্রস্তাব

রাইজিং কুমিল্লা ডেস্ক

Rising Cumilla - budget
ছবি: সংগৃহীত

আসন্ন ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেটে পরিবহন খাতের গুরুত্বপূর্ণ চারটি বিভাগের বরাদ্দ কমানোর প্রস্তাব করা হয়েছে। সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ, রেলপথ মন্ত্রণালয়, নৌ পরিবহন মন্ত্রণালয় এবং সেতু বিভাগের জন্য বরাদ্দ চলতি ২০২৫-২৬ অর্থবছরের মূল বাজেটের তুলনায় হ্রাস পাচ্ছে।

প্রস্তাবিত বাজেট অনুযায়ী, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের জন্য ৩৬ হাজার ৯১৭ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। এর মধ্যে পরিচালন ব্যয় ৬ হাজার ১৭৬ কোটি এবং উন্নয়ন ব্যয় ৩০ হাজার ৭৪১ কোটি টাকা। চলতি অর্থবছরের মূল বাজেটে এ বিভাগের জন্য বরাদ্দ ছিল ৩৮ হাজার ৪৯৬ কোটি টাকা। ফলে এ খাতে বরাদ্দ কমছে ১ হাজার ৫৭৯ কোটি টাকা।

তবে সংশোধিত বাজেটে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের বরাদ্দ ছিল ২৫ হাজার ৬৮৬ কোটি টাকা। সে হিসেবে নতুন অর্থবছরে এ বিভাগের বরাদ্দ বাড়ছে ১১ হাজার ২৩১ কোটি টাকা।

অন্যদিকে, রেলপথ মন্ত্রণালয়ের জন্য ২০২৬-২৭ অর্থবছরে ৯ হাজার ৯৪১ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। এর মধ্যে পরিচালন খাতে ৪ হাজার ৫০১ কোটি এবং উন্নয়ন খাতে ৫ হাজার ৪৪০ কোটি টাকা রাখা হয়েছে। চলতি অর্থবছরের মূল বাজেটে এ মন্ত্রণালয়ের বরাদ্দ ছিল ১১ হাজার ৯৪৪ কোটি টাকা। ফলে বরাদ্দ কমছে ২ হাজার ৩ কোটি টাকা।

এদিকে নৌ পরিবহন মন্ত্রণালয়ের জন্য নতুন অর্থবছরে ৯ হাজার ৮১ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। এর মধ্যে পরিচালন ব্যয়ে ৮৭৪ কোটি এবং উন্নয়ন ব্যয়ে ৮ হাজার ২০৭ কোটি টাকা রাখা হয়েছে। চলতি অর্থবছরের মূল বাজেটে এ মন্ত্রণালয়ের বরাদ্দ ছিল ১০ হাজার ২৭৯ কোটি টাকা। ফলে বরাদ্দ কমছে ১ হাজার ১৯৮ কোটি টাকা।

প্রস্তাবিত বাজেটে সেতু বিভাগের জন্য ২ হাজার ৯০৮ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। এর মধ্যে পরিচালন ব্যয় ১০ কোটি এবং উন্নয়ন ব্যয় ২ হাজার ৮৯৮ কোটি টাকা।

চলতি অর্থবছরের মূল বাজেটে সেতু বিভাগের জন্য বরাদ্দ ছিল ৬ হাজার ২২ কোটি টাকা। ফলে এ বিভাগের বরাদ্দ কমছে ৩ হাজার ১১৪ কোটি টাকা। সংশোধিত বাজেটে সেতু বিভাগের বরাদ্দ ছিল ৫ হাজার ৩২৬ কোটি টাকা।

আরও পড়ুন