
হবিগঞ্জের মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১৮ জন নবনিযুক্ত স্বাস্থ্য সহকারী আনুষ্ঠানিকভাবে যোগদান করেছেন।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) তাঁদের এই আগমনকে কেন্দ্র করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে এক আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
যোগদান উপলক্ষে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ ইমরুল হাসান ফুল দিয়ে নবাগতদের উষ্ণ অভ্যর্থনা ও স্বাগত জানান।
এ সময় আরও উপস্থিত ছিলেন স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার (ডিসিসি কন্ট্রোল) ডা. আলী আহমদ, মেডিকেল টেকনোলজিস্ট (ইপিআই) পুলক চন্দ্র দেব, স্বাস্থ্য পরিদর্শক (ইনচার্জ) চন্দনা চক্রবর্তী এবং বিভিন্ন এলাকার সহকারী স্বাস্থ্য পরিদর্শকবৃন্দ।
নবাগতদের উদ্দেশে স্বাগত বক্তব্যে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ ইমরুল হাসান কর্মক্ষেত্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
তিনি তাঁর বক্তব্যে বলেন, তৃণমূল পর্যায়ে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে স্বাস্থ্য সহকারীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি নবাগতদের তাঁদের ওপর অর্পিত দায়িত্ব ও কর্তব্য যথাযথভাবে পালনের মাধ্যমে সাধারণ জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানান। পাশাপাশি তিনি সকলের সুস্বাস্থ্য, পেশাগত সাফল্য ও সুন্দর কর্মজীবন কামনা করেন।
নবনিযুক্ত সকল স্বাস্থ্য সহকারীকে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা।
জনগণের স্বাস্থ্যসেবায় তাঁদের এই নতুন পথচলা হোক সুন্দর, সফল ও কল্যাণময়—এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্ট সকলের।









