
মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় ইভটিজিংয়ের প্রতিবাদ করায় নিরব আহমেদ (১৭) নামের এক এসএসসি পরীক্ষার্থীকে ছুরিকাঘাতে হত্যা করেছে বখাটেরা।
শুক্রবার (৯ ফেব্রুয়ারি) বিকেল ৫টার দিকে ইউনিয়নের কামারগাঁও এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত নীরব শ্রীনগর উপজেলার মধ্য কামারগাঁও এলাকার মৃত দেলোয়ার হোসেনের ছেলে। এবং লৌহজং পাইলট উচ্চবিদ্যালয়ের এসএসসি পরিক্ষার্থী বলে জানা গেছে।
পুলিশ জানায়, গত বৃহস্পতিবার দুপুরে শ্রীনগর উপজেলার কাজী ফজলুল হক উচ্চবিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা চলাকালীন ওই বিদ্যালয়ের কয়েকজন বখাটে এক ছাত্রীকে উত্যক্ত করে। এ সময় নিহত নীরব ও তার সহপাঠীরা ঘটনার প্রতিবাদ করেন।
এ ঘটনার জের ধরে শুক্রবার বিকালে শ্রীনগর উপজেলার কামারগাঁও এলাকায় আড্ডা দেয়ার সময় নীরব ও তার সহপাঠীদের ওপর অতর্কিত হামলা চালায় ইভটিজাররা।
এ সময় নীরবকে ধারালো ছুরি দিয়ে মাথা ও পিঠে আঘাত করে তারা। পরে স্থানীয়রা নীরবকে গুরুতর আহত অবস্থায় শ্রীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নীরবকে মৃত ঘোষণা করেন।
স্বজনদের অভিযোগ, বিদ্যালয়ে ছাত্রীকে ইভটিজিংয়ের প্রতিবাদ করায় তাকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ।
এ বিষয়ে মুন্সিগঞ্জ জেলা পুলিশ সুপার মো. আসলাম খান জানান, ইভটিজিংয়ের প্রতিবাদ করায় প্রতিপক্ষরা নীরবকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে হাসপাতালে তার মৃত্যু হয়। এ ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তারে মাঠে কাজ করছে পুলিশ।










