
বিদ্যালয়ে শিক্ষার্থীদের উপস্থিতি বৃদ্ধি এবং প্রাথমিক পর্যায়ে ঝরে পড়া (ড্রপ আউট) কমাতে শিশুদের জন্য স্কুল ড্রেস ও মিড-ডে মিল কর্মসূচি চালুর উদ্যোগ নিয়েছে সরকার।
বৃহস্পতিবার (৪ জুন) সকালে ন্যাশনাল বাংলা উচ্চ বিদ্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এ ঘোষণা দেন।
শিক্ষামন্ত্রী বলেন, আগের সরকারের সময় শিক্ষার্থীদের ড্রপ আউটের হার বেড়ে গিয়েছিল। বর্তমান সরকার শিশুদের শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে।
তিনি প্রধানমন্ত্রীর একটি স্মৃতিচারণ তুলে ধরে বলেন, “প্রধানমন্ত্রী একসময় বলেছিলেন, ইংল্যান্ডে থাকা অবস্থায় দেখতেন শিশুরা সুন্দর ইউনিফর্ম পরে ব্যাগ কাঁধে স্কুলে যাচ্ছে। তিনি ভাবতেন, আমাদের দেশের শিশুরাও কবে এমন সুযোগ পাবে। ইনশাল্লাহ, সেই ব্যবস্থা এখন বাস্তবায়নের পথে।”
শিক্ষামন্ত্রী আরও জানান, আগামী এক বছরের মধ্যে দেশের প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের জন্য মিড-ডে মিল কর্মসূচি চালু করা হবে।
তিনি বলেন, শিক্ষাকে আনন্দময় করতে পাঠ্যসূচিতে খেলাধুলা যুক্ত করা হবে, যাতে শিক্ষার্থীরা আনন্দের সঙ্গে শিখতে পারে। একই সঙ্গে অবকাঠামো উন্নয়ন ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে সরকার কাজ করছে।
সরকারের লক্ষ্য হলো—শিশুদের সুশিক্ষা, খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চার মাধ্যমে একটি দক্ষ ও সুস্থ প্রজন্ম গড়ে তোলা।










