
সৌদি আরবের মদিনার কাছে একটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় কমপক্ষে ৪২ জন নিহত হয়েছেন। স্থানীয় সময় রোববার (১৬ নভেম্বর) রাতে একটি যাত্রীবাহী বাসের সঙ্গে একটি ডিজেল ট্যাংকারের ভয়াবহ সংঘর্ষের ফলে এই প্রাণহানি ঘটে। ধারণা করা হচ্ছে, নিহতদের বেশিরভাগই তেলেঙ্গানার হায়দরাবাদ থেকে যাওয়া ওমরাহযাত্রী ছিলেন।
সংবাদমাধ্যম খালিজ টাইমসের প্রতিবেদনে জানানো হয়েছে, স্থানীয় সময় রাত ১১টার দিকে মক্কা থেকে মদিনা যাওয়ার পথে মুফরিহাটের কাছে দুর্ঘটনাটি ঘটে। যাত্রীবাহী বাসের সঙ্গে ডিজেল ট্যাংকারটির ধাক্কা লাগার সঙ্গে সঙ্গেই বাসটিতে আগুন ধরে যায়।
গালফ নিউজের প্রতিবেদন অনুযায়ী, দুর্ঘটনার সময় বাসের অধিকাংশ যাত্রীই গভীর ঘুমে ছিলেন। ফলস্বরূপ, সংঘর্ষের পর বাসটিতে আগুন ধরে যাওয়ায় তাদের পক্ষে বের হওয়ার সুযোগ অত্যন্ত কম ছিল, যা বিপুল প্রাণহানির প্রধান কারণ।
প্রতিবেদনে বলা হয়েছে, নিহতদের মধ্যে কমপক্ষে ১১ জন নারী ও ১০ জন শিশু রয়েছেন। তবে কর্তৃপক্ষ এখনও নিহতের সঠিক সংখ্যাটি যাচাই করছে।
উদ্ধারকারী দল জানিয়েছে, বাসটি সম্পূর্ণ পুড়ে যাওয়ায় নিহতদের শনাক্ত করা অত্যন্ত কঠিন হয়ে পড়েছে। প্রতিবেদন অনুযায়ী, মোহাম্মদ আব্দুল শোয়াব নামে একজন এই ভয়াবহ দুর্ঘটনা থেকে বেঁচে গেছেন। বর্তমানে তিনি হাসপাতালে ভর্তি আছেন, তবে তার শারীরিক অবস্থা সম্পর্কে বিস্তারিত জানা যায়নি।
হায়দরাবাদের সংসদ সদস্য আসাদুদ্দিন ওয়াইসি নিশ্চিত করেছেন যে দুর্ঘটনার সময় বাসটিতে মোট ৪২ জন ওমরাহযাত্রী ছিলেন এবং সংঘর্ষের পরই বাসটিতে আগুন ধরে যায়।
তেলেঙ্গানা সরকার জানিয়েছে, তারা রিয়াদে ভারতীয় দূতাবাসের সঙ্গে নিয়মিত যোগাযোগ রক্ষা করছে। মুখ্যমন্ত্রী রেভন্ত রেড্ডি নয়াদিল্লিতে কর্মকর্তাদের ভারতীয় দূতাবাসের সঙ্গে ঘনিষ্ঠ সমন্বয় বজায় রাখতে নির্দেশ দিয়েছেন।
আসাদুদ্দিন ওয়াইসি আরও জানান, তিনি রিয়াদে ভারতীয় দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন আবু ম্যাথেন জর্জের সঙ্গে যোগাযোগ রাখছেন। দূতাবাস এই পরিস্থিতি সম্পর্কে তথ্য সংগ্রহের কাজ করছে।
সূত্র: এনডিটিভি, খালিজ টাইমস










