সোমবার ৩০ মার্চ, ২০২৬

সুপার ফোরের আগে এভাবে বিদায় নিতে হবে কল্পনাও করিনি: রশিদ খান

রাইজিং স্পোর্টস

Rising Cumilla - Rashid Khan
রশিদ খান/ছবি: সংগৃহীত

এশিয়া কাপের চলতি আসরে ভালো খেলেও টানা দুই ম্যাচে হেরে টুর্নামেন্টের সুপার ফোরে জায়গা করে নিতে পারলো না আফগানিস্তান। বাংলাদেশ ও শ্রীলংকার বিপক্ষে হেরে এশিয়া কাপ থেকে বিদায় নিশ্চিত হয়েছে আফগানদের। শ্রীলংকার বিপক্ষে হারের পর দলের এমন অপ্রত্যাশিত পারফরম্যান্স নিয়ে কথা বলেছেন আফগান অধিনায়ক রশিদ খান।

সাম্প্রতিক বছরগুলোতে আফগানিস্তান ক্রিকেট দল বেশ ভালো পারফর্ম করছে। বিশ্বকাপের মতো বড় মঞ্চে বিশ্বকাপজয়ী ইংল্যান্ড, পাকিস্তান এবং শ্রীলংকার মতো শক্তিশালী দলগুলোকে হারিয়ে তাক লাগিয়ে দিয়েছে তারা। দলের এমন সাফল্য নিয়ে রশিদ খান বলেন, ‘গত তিন বছর ধরে, আমরা অনেক আইসিসি ইভেন্ট এবং এশিয়া কাপ খেলেছি। প্রতিটি টুর্নামেন্টের জন্যই আমাদের প্রস্তুতি দুর্দান্ত ছিল। এবারের এশিয়া কাপেও সহখেলোয়াড়দের কাছ থেকে আমার অনেক বেশি প্রত্যাশা ছিল। সুপার ফোরের আগে এভাবে বিদায় নিতে হবে তা কল্পনাও করিনি।’

তিনি আরও বলেন, ‘গত টি-টোয়েন্টি বিশ্বকাপে আমরা সেমিফাইনালে খেলেছি। এবারের এশিয়া কাপে আশা ছিল অন্তত সুপার ফোরে খেলতে পারবো। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে তা হয়নি। এটা নিয়ে আমাদের আরও ভাবতে হবে, বিশ্লেষণ করতে হবে। আমাদের আরও শক্তিশালী হয়ে ফিরে আসতে হবে।’

শ্রীলংকার বিপক্ষে ম্যাচে দুর্দান্ত ব্যাটিংয়ের জন্য মোহাম্মদ নবির প্রশংসা করেন আফগান অধিনায়ক। তিনি বলেন, ‘শেষ ওভারে নবি যা করেছে তা অবিশ্বাস্য। আমরা যেভাবে ইনিংস শেষ করেছি তা খুবই অসাধারণ। আমরা জানতাম যে এক ওভারে একজন স্পিনার আছে এবং যদি একজন সঠিক ব্যাটসম্যান থাকে, তাহলে আমাদের পক্ষে বড় স্কোর করা সম্ভব।’

তবে এই ম্যাচে পরাজয়ের জন্য নিজেদের দুর্বল বোলিংকে দায়ী করেন রশিদ খান। তিনি বলেন, ‘আমরা যতটা ভালো বল করা উচিত ছিল ততটা ভালো করতে পারিনি, যে কারণে আমরা জিততে পারিনি। এরকম গুরুত্বপূর্ণ ম্যাচে সব বিভাগে ভালো করতে না পারলে জেতা সম্ভব না। তাছাড়া দুবাইয়ের এই উইকেটে ১৭০-১৮০ রান তাড়া করা সহজ ব্যাপার; শ্রীলংকা সেটাই করে দেখিয়েছে।’

আরও পড়ুন