বৃহস্পতিবার ১৯ ফেব্রুয়ারি, ২০২৬

সাবেক লাক্স সুন্দরী থেকে ইউএনও—কে এই সোহানিয়া?

রাইজিং কুমিল্লা ডেস্ক

Rising Cumilla - Tanjima Anjum Sohania
ইউএনও হিসেবে দায়িত্ব নিলেন সাবেক লাক্স সুন্দরী/ছবি: সংগৃহীত

সাবেক লাক্স সুন্দরী ও বিসিএস ক্যাডার তানজিয়া আঞ্জুম সোহানিয়া সম্প্রতি নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে যোগদান করেছেন। আজ ৪ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে তিনি তার নতুন দায়িত্ব গ্রহণ করেন।

এর আগে সোহানিয়া বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের উপপরিচালক (সিনিয়র সহকারী সচিব) হিসেবে সমন্বয় ও সংসদ বিভাগে দায়িত্ব পালন করছিলেন।

২০১০ সালে চ্যানেল আই লাক্স সুপারস্টার প্রতিযোগিতায় অংশ নিয়ে তানজিয়া আঞ্জুম সোহানিয়া আলোচনায় আসেন। ওই প্রতিযোগিতায় তিনি সেরা দশে স্থান করে নেন। পাশাপাশি ‘ক্লোজআপ মিস বিউটিফুল স্মাইল’ ক্যাটাগরিতে পুরস্কারও অর্জন করেন। এরপর শোবিজ অঙ্গনে কিছু কাজ করলেও তিনি সেখানে নিয়মিত ছিলেন না। পড়াশোনার ব্যস্ততায় নিজেকে সীমিত রেখেছিলেন তিনি।

শিক্ষাজীবনে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ছাত্রী ছিলেন। পরবর্তীতে ৩৭তম বিসিএসে প্রশাসন ক্যাডারে উত্তীর্ণ হয়ে গেজেটপ্রাপ্ত হন। ২০১৯ সালের ২০ মার্চ প্রকাশিত সরকারি প্রজ্ঞাপনে তাকে ক্যাডার হিসেবে নিয়োগের সুপারিশ করা হয়।

এদিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতির অংশ হিসেবে সরকার দ্বিতীয় ধাপে ৭৭টি উপজেলায় নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিয়োগ দিয়েছে। এর ধারাবাহিকতায় নীলফামারী জেলার ছয় উপজেলার মধ্যে তিনটিতে প্রশাসনিক রদবদল আনা হয়। সেই পরিবর্তনের অংশ হিসেবেই কিশোরগঞ্জ উপজেলায় ইউএনও হিসেবে দায়িত্ব পান তানজিয়া আঞ্জুম সোহানিয়া।

আরও পড়ুন