
কুমিল্লার চান্দিনায় দুই সাংবাদিককে হাতকড়া পরিয়ে থানায় পাঠানোর ঘটনায় অভিযুক্ত সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল আল নূরকে তাৎক্ষণিক বদলি করা হয়েছে।
গত বুধবার (১ এপ্রিল) উপজেলা ভূমি অফিসে পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের সাথে অসদাচরণ ও হেনস্তার অভিযোগে বৃহস্পতিবার রাষ্ট্রপতির আদেশক্রমে তাকে সিলেটের জৈন্তাপুরে বদলি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।
ঘটনার সূত্রপাত হয় বুধবার দুপুরে, যখন দৈনিক মানবজমিন-এর দেবিদ্বার প্রতিনিধি রাসেল সরকার এবং ‘ফেস দ্য পিপল’ নিউজ পোর্টালের প্রতিনিধি আব্দুল আলীম একটি নামজারি সংক্রান্ত বিষয়ে শুনানির জন্য চান্দিনা উপজেলা ভূমি অফিসে যান। ভুক্তভোগী সাংবাদিকদের দাবি, দীর্ঘ প্রতীক্ষার পর এসিল্যান্ডের সঙ্গে কথা বলার একপর্যায়ে তার আচরণের ভিডিও ধারণ করতে গেলে তিনি চরম ক্ষিপ্ত হয়ে ওঠেন। তাৎক্ষণিকভাবে পুলিশ ডেকে এনে সাংবাদিকদের হাতে হাতকড়া পরিয়ে থানায় পাঠিয়ে দেওয়া হয়।
পরবর্তীতে থানায় নিয়ে যাওয়ার পর সাংবাদিকদের ওপর মানসিক চাপ সৃষ্টি করে তাদের মোবাইল ফোন থেকে ধারণকৃত ভিডিও ও ছবি জোরপূর্বক মুছে ফেলা হয়। শেষে একটি মুচলেকা আদায় করে তাদের মুক্তি দেওয়া হয়। এই ন্যাক্কারজনক ঘটনাটি জানাজানি হলে সাংবাদিক মহলে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। পরিস্থিতি বিবেচনায় দ্রুত পদক্ষেপ নেয় প্রশাসন। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মো. বরমান হোসেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে ফয়সাল আল নূরকে জনস্বার্থে বর্তমান কর্মস্থল থেকে প্রত্যাহার করে নতুন কর্মস্থলে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে।









