
নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি রক্ষায় বাংলাদেশ জামায়াতে ইসলামী এবার নবনির্বাচিত সংসদ সদস্যদের জন্য সরকারি প্লট ও শুল্কমুক্ত (ট্যাক্স ফ্রি) গাড়ি সুবিধা গ্রহণ না করার সিদ্ধান্ত নিয়েছে।
দলের নেতা ও সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ শিশির মনির সোমবার (১৬ ফেব্রুয়ারি) তার ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ সিদ্ধান্তের বিষয়টি নিশ্চিত করেন।
পোস্টে তিনি উল্লেখ করেন, “পূর্ব ঘোষণা অনুযায়ী আমাদের এমপি মহোদয়গণ ট্যাক্স ফ্রি গাড়ি এবং সরকারি প্লট গ্রহণ করবেন না ইনশাআল্লাহ।”
জানা গেছে, দলের শীর্ষ নেতৃত্বের আগেই নেওয়া সিদ্ধান্তের আলোকেই এ ঘোষণা দেওয়া হয়েছে। অর্থাৎ নির্বাচনের পূর্বে যে অঙ্গীকার করা হয়েছিল, সেটির বাস্তবায়ন হিসেবেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
উল্লেখ্য, নির্বাচনের আগে সিলেটে আয়োজিত এক সুধী সমাবেশে বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর আমির ডা. শফিকুর রহমান প্রকাশ্যে এ অঙ্গীকার করেছিলেন। তিনি স্পষ্টভাবে বলেছিলেন, ভবিষ্যতে দলের একজন সদস্যও যদি সংসদ সদস্য নির্বাচিত হন, তবে তারা কেউ সরকারি প্লট গ্রহণ করবেন না এবং বিনা ট্যাক্সের গাড়ি ব্যবহার করবেন না।










