
টালিউডের একসময়ের জনপ্রিয় ও আলোচিত জুটি দেব ও শুভশ্রী গাঙ্গুলী আবারও আলোচনার কেন্দ্রে। দীর্ঘদিন পর একসঙ্গে তোলা তাদের কয়েকটি ছবি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। সেই সঙ্গে ভক্তদের উদ্দেশে আবেগঘন বার্তা দিয়েছেন অভিনেতা দেব।
সম্প্রতি নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে শুভশ্রীর সঙ্গে কয়েকটি ছবি শেয়ার করেন দেব। ছবিগুলোতে দেখা যায়, একটি সিনেমা হলে দুজনই হাসি-আনন্দে খুনসুটিতে মেতে আছেন। একটি ছবিতে শুভশ্রীকে দেবের কোলেও দেখা যায়। মুহূর্তেই ছবিগুলো ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে। জনপ্রিয় এই জুটিকে একসঙ্গে দেখে উচ্ছ্বাস প্রকাশ করেছেন ‘দেশু’ ভক্তরা।
ছবির ক্যাপশনে দেব লিখেছেন, “এক বছর আগে বাংলা সিনেমার ইতিহাসের সাক্ষী হয়েছিল। ‘ধূমকেতু’র ট্রেলার লঞ্চ শুধু একটি অনুষ্ঠান ছিল না, এটি ছিল বাংলা সিনেমার ইতিহাসের অন্যতম বড় আয়োজন। যারা এটিকে সম্ভব করেছেন এবং এখনও #দেশু-র জন্য ভালোবাসা বর্ষণ করে চলেছেন, তাদের প্রত্যেককে আন্তরিক ধন্যবাদ। বিশ্বাস ও সমর্থন অব্যাহত রাখুন, আমরা কথা দিচ্ছি আপনাদের হতাশ করব না।”
দেব ও শুভশ্রীর আলোচিত সিনেমা ‘ধূমকেতু’ বহু প্রতীক্ষার পর মুক্তি পায়। ছবিটির শুটিং হয়েছিল ২০১৫ সালে, তাদের ব্যক্তিগত সম্পর্কের বিচ্ছেদের সময়ের কাছাকাছি। তবে নানা আইনি জটিলতায় সিনেমাটি দীর্ঘদিন মুক্তি পায়নি। অবশেষে ২০২৫ সালে প্রেক্ষাগৃহে মুক্তি পায় ছবিটি। মুক্তির আগে আয়োজিত ট্রেলার লঞ্চ অনুষ্ঠানেও দীর্ঘ বিরতির পর একসঙ্গে হাজির হয়েছিলেন দেব ও শুভশ্রী, যা ভক্তদের মধ্যে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছিল।
এদিকে, আসন্ন দুর্গাপূজায় দেব ও শুভশ্রীকে আবারও একসঙ্গে বড় পর্দায় দেখা যাবে। আপাতত ‘দেশু ৭’ নামে পরিচিত তাদের সপ্তম সিনেমাটি নিয়েও দর্শকদের আগ্রহ তুঙ্গে। বিশেষ এই ছবির মাধ্যমে প্রথমবারের মতো পরিচালকের দায়িত্বও পালন করছেন দেব।
সূত্র: হিন্দুস্তান টাইমস










