
শীতকাল মানেই বাইক চালকদের একটি অতি পরিচিত সমস্যা—সকালে বাইক স্টার্ট না হওয়া। প্রাত্যহিক কাজের তাড়ার মধ্যে সেলফ স্টার্ট বোতাম টিপতে টিপতে ব্যাটারি শেষ, কিক মারতে মারতে পা ব্যথা, তবুও ইঞ্জিন যেন সাড়া দিতেই চায় না।
এর ফলে শুধু গন্তব্যে পৌঁছাতে দেরিই হয় না, বিরক্তিও বাড়ে। অথচ কিছু সাধারণ নিয়ম মেনে চললেই এই শীতকালীন ঝামেলা সহজেই এড়ানো সম্ভব।
১. ইঞ্জিন চালু রাখুন নিয়মিত
অনেকেই বাইক ব্যবহার না করে দিনের পর দিন ফেলে রাখেন। এমন করলে ইঞ্জিনের অভ্যন্তরে নানা সমস্যা দেখা দেয়। বিশেষ করে শীতকালে যখন ইঞ্জিন খুব ঠান্ডা থাকে, তখন স্টার্ট নিতে বেশি সময় নেয়। তাই, প্রতিদিন বাইক ব্যবহার না করলেও, অন্তত একবার ডবলস্ট্যান্ডে রেখে পাঁচ মিনিটের জন্য ইঞ্জিন চালু রাখুন। এতে ইঞ্জিন সুস্থ থাকবে এবং প্রয়োজনের সময় দ্রুত স্টার্ট নেবে।
২. ব্যাটারির চার্জ নিশ্চিত করুন
ব্যাটারি দুর্বল হলে বাইক স্টার্ট নেওয়ার জন্য পর্যাপ্ত শক্তি দিতে পারে না। তাই ব্যাটারির স্বাস্থ্য ঠিক রাখা অত্যন্ত জরুরি। নিয়মিত বাইক চালালে ব্যাটারি স্বাভাবিকভাবেই চার্জ পায়, ফলে হঠাৎ করে তা ডাউন হয়ে যাওয়ার ঝুঁকি কমে। তাই, স্টার্টের সমস্যা দেখা দিলে সবার আগে ব্যাটারির চার্জ এবং কার্যকারিতা নিশ্চিত করুন।
৩. সময়মতো ইঞ্জিন অয়েল পরিবর্তন করুন
ইঞ্জিন অয়েল বেশিদিন ধরে ব্যবহার করলে তা পাতলা হয়ে যায় বা গুণগত মান হারাতে শুরু করে। এর ফলে ইঞ্জিনের পারফরম্যান্স কমে যায় এবং ঠান্ডা আবহাওয়ায় স্টার্ট নিতেও সমস্যা সৃষ্টি হয়। তাই, বাইক প্রস্তুতকারকের নির্দেশিত নির্দিষ্ট সময় পরপর ইঞ্জিন অয়েল বদলানো খুবই জরুরি।
৪. স্পার্ক প্লাগ পরিষ্কার রাখুন বা বদলে নিন
বাইকের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ হলো স্পার্ক প্লাগ। এর গায়ে কালি জমলে স্পার্ক দুর্বল হয়ে পড়ে, ফলে বাইক সহজে স্টার্ট নিতে চায় না। এই ঝামেলা এড়াতে স্পার্ক প্লাগ নিয়মিত পরিষ্কার রাখা প্রয়োজন। যদি পরিষ্কার করার পরেও সমস্যা হয়, তবে এটি পরিবর্তন করে নেওয়া উচিত।
৫. কিকস্টার্টের অভ্যাস গড়ে তুলুন
অনেক বাইক চালক কেবল সেলফ স্টার্টের উপর নির্ভর করেন। কিন্তু শীতের সকালে ইঞ্জিন খুব ঠান্ডা থাকায় সেলফ স্টার্টে সমস্যা হওয়া খুবই স্বাভাবিক। তাই, দিনের প্রথম স্টার্টের সময় কিক ব্যবহার করা বুদ্ধিমানের কাজ। এতে ব্যাটারির ওপর অপ্রয়োজনীয় চাপ কমে। তবে, যে বাইকগুলোতে কেবল সেলফ স্টার্টের প্রযুক্তি রয়েছে, সেগুলো সেইভাবেই তৈরি, তাই সেক্ষেত্রে বাড়তি চিন্তার কোনো কারণ নেই।
৬. চোকের সঠিক ব্যবহার করুন
কিক মারার পরেও যদি বাইক স্টার্ট না হয়, তবে চোক টেনে পুনরায় চেষ্টা করুন। বেশিরভাগ কার্বুরেটর বাইকেই চোক ব্যবস্থা থাকে—যা সাধারণত হ্যান্ডেলবারের বাম দিকে বা ট্যাংকির নিচে পাওয়া যায়। চোক টানলে ইঞ্জিনে বাড়তি জ্বালানি সরবরাহ হয়, যার ফলে ইঞ্জিন সহজে চালু হয়। স্টার্ট হয়ে গেলে ইঞ্জিনটি কিছুক্ষণ গরম করে নিয়ে সঙ্গে সঙ্গে চোক বন্ধ করে দিতে হবে। খেয়াল রাখবেন, ইঞ্জিন গরম হওয়ার পর চোক অবশ্যই বন্ধ করতে হবে, না হলে অতিরিক্ত জ্বালানি খরচ হতে পারে।
এগুলো মেনে চলার পরেও যদি আপনার বাইক স্টার্ট না নেয়, তবে প্রথমে নিশ্চিত হোন যে তেলের চাবি (ফুয়েল কক) খোলা আছে কি না। সব ঠিক থাকা সত্ত্বেও সমস্যা চলতে থাকলে দ্রুত একজন মোটরসাইকেল মেকানিকের শরণাপন্ন হোন।










