মঙ্গলবার ৩ মার্চ, ২০২৬

শীতকালে খুশকি ও চুল পড়ার পেছনে দায়ী যেসব দৈনন্দিন অভ্যাস

লাইফস্টাইল ডেস্ক

শীতকালে খুশকি ও চুল পড়ার পেছনে দায়ী যেসব দৈনন্দিন অভ্যাস/ছবি: সংগৃহীত

শীতকাল এলে অনেকেরই মাথার ত্বক শুকিয়ে যায়, দেখা দেয় অস্বস্তিকর খুশকি। এর সঙ্গে প্রায়ই বাড়ে চুল পড়ার সমস্যাও। আমরা অনেক সময় বুঝতে পারি না, আমাদের কিছু সাধারণ অভ্যাসই এই সমস্যার জন্য দায়ী।

চুল না ধোয়া, অতিরিক্ত ড্রাই শ্যাম্পু ব্যবহার, বা বারবার স্টাইলিং প্রোডাক্ট লাগানো—এসব মিলিয়ে মাথার ত্বক হয়ে ওঠে শুষ্ক, চুলকানিযুক্ত ও খুশকিপ্রবণ। তবে কয়েকটি ছোট অভ্যাস বদলালেই এই সমস্যাগুলো অনেকটাই কমানো সম্ভব।

১. চুল ধোয়ার নিয়ম ঠিক করুন

কাজের চাপ বা সময় বাঁচাতে অনেকেই চুল কয়েক দিন পরপর ধোয়া এড়িয়ে যান। এটি মারাত্মক ভুল! চুল না ধুলে তেল, ঘাম ও মৃত কোষ মাথার ত্বকে জমে যায়, যা ছত্রাক জন্মাতে সাহায্য করে এবং এটাই খুশকির প্রধান কারণ। স্টাইলিং প্রোডাক্টের জমাটও চুলের রন্ধ্র বা পোরস বন্ধ করে দেয়, যা থেকে ত্বকে জ্বালা ও দুর্গন্ধ সৃষ্টি হতে পারে। আপনার ত্বকের ধরন অনুযায়ী চুল ধোয়ার রুটিন ঠিক করুন। একদিন পরপর শ্যাম্পু ব্যবহার করুন। শ্যাম্পুর মধ্যে কিছুটা বিরতি রাখা ভালো।

২. ড্রাই শ্যাম্পু অতিরিক্ত ব্যবহার করবেন না

ড্রাই শ্যাম্পু নিঃসন্দেহে সময় বাঁচায়, কিন্তু এর অতিরিক্ত ব্যবহার থেকে বিরত থাকুন। বেশি ব্যবহার করলে এটি মাথার ত্বকের প্রাকৃতিক আর্দ্রতা কমিয়ে দেয়। এর ফলে চুলকানি ও খুশকি আরও বেড়ে যায়। নিয়মিত চুল ধোয়ার অভ্যাস করুন এবং ড্রাই শ্যাম্পুর ওপর অতিরিক্ত নির্ভরশীলতা কমান।

৩. টাইট হেয়ারস্টাইল এড়িয়ে চলুন

চুল খুব শক্ত করে বাঁধলে মাথার ত্বকের ক্ষতি হতে পারে। শক্ত করে বাঁধলে ত্বকে টান পড়ে এবং রক্তপ্রবাহে বাধা সৃষ্টি হয়। এতে চুলের ফোলিকল বা গোড়া ক্ষতিগ্রস্ত হয় এবং ত্বক শুষ্ক হয়ে যায়। চুল নিয়মিত খোলা রাখুন। রাবার ব্যান্ডের বদলে নরম স্ক্রাঞ্চি বা কাপড়ের ব্যান্ড ব্যবহার করুন।

৪. হিট দিয়ে স্টাইল করা কমান

হেয়ার ড্রায়ার, স্ট্রেটনার বা কার্লিং আয়রনের মতো হিট টুলস-এর অতিরিক্ত ব্যবহার মাথার ত্বকের জন্য ক্ষতিকর। অতিরিক্ত তাপ ত্বকের প্রাকৃতিক তেল নষ্ট করে দেয়। চুল শক্ত ও শুষ্ক হয়, যার ফলে খুশকি আরও বাড়ে। হিট টুল ব্যবহার করার আগে অবশ্যই হিট প্রোটেকশন অয়েল বা স্প্রে ব্যবহার করুন। সম্ভব হলে চুলকে প্রাকৃতিকভাবে শুকোতে দিন।

৫. সুগন্ধযুক্ত প্রোডাক্ট এড়িয়ে চলুন

ত্বক সংবেদনশীল হলে প্রোডাক্ট নির্বাচনে সতর্ক থাকুন। সিনথেটিক ফ্র্যাগরেন্স (কৃত্রিম সুগন্ধি) ও অ্যালকোহলযুক্ত পণ্য মাথার ত্বকে অ্যালার্জি ও সংবেদনশীলতা তৈরি করতে পারে। অ্যালকোহল, অতিরিক্ত এসেনশিয়াল অয়েল বা তীব্র সুগন্ধি ছাড়া কম অ্যাডজাক্টিভযুক্ত পণ্য ব্যবহার করুন।

৬. জীবনধারায় পরিবর্তন আনুন

শুধু বাহ্যিক যত্নই নয়, সুস্থ মাথার ত্বক ধরে রাখতে জীবনযাত্রাতেও পরিবর্তন আনা জরুরি। অস্বাস্থ্যকর খাদ্য, অতিরিক্ত মানসিক চাপ ও ঘুমের অভাব—এই বিষয়গুলো মাথার ত্বকের তেলের ভারসাম্য নষ্ট করে দেয়। পর্যাপ্ত পানি পান করুন, পুষ্টিকর খাবার খান এবং স্ট্রেস নিয়ন্ত্রণ করুন। একটি সুস্থ জীবনধারাই হলো সুস্থ স্ক্যাল্পের মূল চাবিকাঠি।

 

সূত্র : এই সময়

আরও পড়ুন