
শীতের আগমনের সঙ্গে অনেকেরই ঘুমের প্রবণতা বেড়ে যায়। রাতে পর্যাপ্ত সময় ঘুমানোর পরও সকালে বিছানা ছাড়তে কষ্ট হয়। দিনের বেলায়ও শরীরে ক্লান্তি, অবসাদ ও ঝিমুনিভাব দেখা দেয়। অনেকেই বিষয়টিকে শীতের স্বাভাবিক প্রভাব মনে করলেও এর পেছনে রয়েছে বেশ কিছু শারীরিক ও পরিবেশগত কারণ।
বিশেষজ্ঞদের মতে, শীতকালে দিনের আলো কমে যাওয়া, শরীরের স্বাভাবিক জৈবিক ঘড়ির পরিবর্তন, শারীরিক পরিশ্রম কমে যাওয়া এবং খাদ্যাভ্যাসের পরিবর্তন ঘুম ও ক্লান্তির ওপর প্রভাব ফেলে।
ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, শীতকালে দিনের দৈর্ঘ্য কমে যাওয়ায় মানুষের ঘুম ও জেগে থাকার স্বাভাবিক ছন্দে পরিবর্তন আসতে পারে। বিষয়টি ব্যাখ্যা করেছেন ভারতের জয়পুরের সিকে বিড়লা হাসপাতালের ইন্টারনাল মেডিসিন বিভাগের অতিরিক্ত পরিচালক চিকিৎসক নিরঞ্জন সিং।
দিনের আলো কমলে বাড়ে ঘুমের প্রবণতা
মানুষের শরীরের ঘুম ও জেগে থাকার ২৪ ঘণ্টার স্বাভাবিক চক্রকে বলা হয় সার্কাডিয়ান রিদম বা জৈবিক ঘড়ি। এই চক্র নিয়ন্ত্রণে দিনের আলোর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।
শীতকালে দিনের আলো কমে যাওয়ার পাশাপাশি অনেকেই ঘরের ভেতরে বেশি সময় কাটান। এতে ঘুম নিয়ন্ত্রণকারী হরমোন মেলাটোনিনের নিঃসরণ ও ঘুম-জাগরণের স্বাভাবিক ছন্দে পরিবর্তন আসতে পারে। ফলে দিনের বেলাতেও ঘুমঘুম ভাব দেখা দেয়।
এ ছাড়া সূর্যের আলো কম পাওয়ার কারণে মেজাজ, মনোযোগ ও সতর্কতার মাত্রায় প্রভাব পড়তে পারে। এতে শরীর ভারী লাগা এবং স্বাভাবিক কাজকর্মে আগ্রহ কমে যাওয়ার মতো সমস্যা তৈরি হয়।
শারীরিক পরিশ্রম কমলেও বাড়ে অবসাদ
শীতের সকালে ঘুম থেকে উঠে হাঁটতে বা ব্যায়াম করতে অনেকেরই অনীহা দেখা দেয়। ঠাণ্ডার কারণে বাইরে চলাফেরা কমে যায়, কমে যায় দৈনন্দিন শারীরিক কার্যক্রমও।
নিয়মিত শরীরচর্চা ও চলাফেরা কমে গেলে শরীরের কর্মক্ষমতায় প্রভাব পড়তে পারে। ফলে সহজেই ক্লান্তি, অলসতা ও নিস্তেজভাব অনুভূত হয়।
খাদ্যাভ্যাস ও পানির ঘাটতিও দায়ী
শীতকালে অনেকের খাদ্যাভ্যাসেও পরিবর্তন আসে। এ সময় তুলনামূলক ভারী খাবার খাওয়ার প্রবণতা বাড়ে। অন্যদিকে ঠাণ্ডার কারণে তৃষ্ণা কম অনুভূত হওয়ায় অনেকেই প্রয়োজনীয় পরিমাণ পানি পান করেন না।
অনিয়মিত খাদ্যাভ্যাস এবং শরীরে পানির ঘাটতি ক্লান্তি ও দুর্বলতার অন্যতম কারণ হতে পারে। তাই শীতকালেও সুষম খাবার গ্রহণের পাশাপাশি পর্যাপ্ত পানি পান করা জরুরি।
দীর্ঘস্থায়ী ক্লান্তির পেছনে থাকতে পারে রোগ
শীতের কারণে ঘুম বেশি পাওয়া বা ক্লান্তি অনুভব করলেই সেটিকে স্বাভাবিক বলে ধরে নেওয়া ঠিক নয়। কারণ রক্তস্বল্পতা, থাইরয়েডের সমস্যা, ভিটামিন বি১২ ও ভিটামিন ডি-এর ঘাটতি, ডায়াবেটিস এবং বিভিন্ন ধরনের ঘুমের সমস্যার কারণেও দীর্ঘস্থায়ী ক্লান্তি দেখা দিতে পারে।
এ ছাড়া শীতের অন্ধকারাচ্ছন্ন দিনগুলোতে কারও কারও মেজাজ ও কর্মশক্তিতে উল্লেখযোগ্য পরিবর্তন আসে। কিছু ক্ষেত্রে এটি সিজনাল অ্যাফেক্টিভ ডিজঅর্ডার বা ঋতুভিত্তিক বিষণ্নতার লক্ষণ হতে পারে।
শীতেও সতেজ থাকতে যা করবেন
চিকিৎসক নিরঞ্জন সিংয়ের পরামর্শ অনুযায়ী, শীতকালেও প্রতিদিন নির্দিষ্ট সময়ে ঘুমাতে যাওয়া এবং ঘুম থেকে ওঠার অভ্যাস বজায় রাখা প্রয়োজন। দিনের আলোয় কিছুটা সময় বাইরে কাটানোর চেষ্টা করতে হবে।
পাশাপাশি নিয়মিত হাঁটাহাঁটি ও ব্যায়াম, সুষম খাবার গ্রহণ এবং পর্যাপ্ত পানি পান শরীরের স্বাভাবিক কর্মক্ষমতা ধরে রাখতে সহায়তা করে। ঘরের ভেতরে দীর্ঘ সময় নিষ্ক্রিয় না থেকে দৈনন্দিন কাজে শারীরিক সক্রিয়তা বজায় রাখাও জরুরি।
তবে পর্যাপ্ত ঘুমের পরও দীর্ঘদিন ক্লান্তি না কাটলে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। বিশেষ করে অকারণে ওজন কমে যাওয়া বা বেড়ে যাওয়া, শ্বাসকষ্ট কিংবা মাথা ঘোরার মতো উপসর্গ দেখা দিলে অবহেলা করা ঠিক নয়। একইভাবে মেজাজের অস্বাভাবিক পরিবর্তন বা পছন্দের কাজের প্রতি আগ্রহ হারিয়ে ফেললেও চিকিৎসকের সঙ্গে কথা বলা প্রয়োজন।










