
কুমিল্লা-৩ (মুরাদনগর) আসনে বিএনপির প্রার্থী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদের প্রার্থিতা চ্যালেঞ্জ করে করা রিট আবেদন খারিজ করে দিয়েছে আপিল বিভাগ। ফলে তার নির্বাচনে অংশগ্রহণে আর কোনো আইনগত বাধা রইল না।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বিভাগ এ আদেশ দেন। রায়ের পর আইনজীবীরা জানান, কায়কোবাদের নির্বাচনে অংশ নিতে এখন আর কোনো প্রতিবন্ধকতা নেই।
আদালতে কায়কোবাদের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল ও অ্যাডভোকেট মাহবুবুর রহমান খান। অন্যদিকে, জামায়াতের প্রার্থীর পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মোহাম্মদ হোসেন লিপু।
এর আগে তুরস্কের দ্বৈত নাগরিকত্ব থাকার অভিযোগ তুলে কায়কোবাদের মনোনয়নপত্র বাতিল চেয়ে নির্বাচন কমিশনে আপিল করেন একই আসনে জামায়াতের প্রার্থী ইউসুফ সোহেল। তবে হাইকোর্ট কুমিল্লা-৩ আসনে বিএনপির প্রার্থী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদের প্রার্থিতা বাতিল চেয়ে করা রিট খারিজ করেন।
পরে গত ১৯ জানুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৩ আসনে কায়কোবাদের প্রার্থিতা বহাল রাখার সিদ্ধান্ত দেয় নির্বাচন কমিশন (ইসি)। কায়কোবাদের প্রার্থিতা চ্যালেঞ্জ করে করা আপিলের শুনানি নিয়ে সেদিনই ইসি তার প্রার্থিতা বহাল রেখে রায় ঘোষণা করে।
উল্লেখ্য, আগামী বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আপিল বিভাগের সর্বশেষ আদেশের ফলে কুমিল্লা-৩ (মুরাদনগর) আসনে বিএনপির প্রার্থী হিসেবে কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ নির্বাচনে অংশ নিতে পারছেন।








