শুক্রবার ৬ মার্চ, ২০২৬

লক্ষ্মীপুরের রায়পুরে মারামারি থামাতে গিয়ে প্রাণ হারালেন যুবদল নেতা

রাইজিং কুমিল্লা প্রতিবেদক

Rising Cumilla - Jubo Dal leader Bilal Mishri lost his life while trying to stop a fight in Raipur, Laxmipur
লক্ষ্মীপুরের রায়পুরে মারামারি থামাতে গিয়ে প্রাণ হারালেন যুবদল নেতা/ছবি: সংগৃহীত

লক্ষ্মীপুরের রায়পুরে দুই রিকশাচালকের মারামারি থামাতে গিয়ে বিল্লাল মিশরী (৪৫) নামে এক যুবদল নেতার মৃত্যু হয়েছে। এ ঘটনায় কবির মহুরী নামে আরও একজন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (৫ মার্চ) দুপুর ১টার দিকে রায়পুর-লক্ষ্মীপুর আঞ্চলিক মহাসড়কের পাশে সাব-রেজিস্টার মসজিদের বিপরীতে একটি তরমুজের আড়তে এ ঘটনা ঘটে।

নিহত বিল্লাল মিশরী রায়পুর উপজেলার কেরোয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি এবং ওই এলাকার মৃত হাবিব উল্লাহর ছেলে।

প্রত্যক্ষদর্শী ও পরিবারের অভিযোগ অনুযায়ী, বিল্লাল মিশরী তরমুজ কিনতে ওই আড়তে যান। এ সময় পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের বয়াতিবাড়ি এলাকার শাহ আলমের ছেলে রিকশাচালক রহমান (৩৫) ভাড়া নিয়ে আরেক রিকশাচালকের সঙ্গে মারামারিতে জড়িয়ে পড়েন। পরিস্থিতি দেখে বিল্লাল মিশরী ও কবির মহুরী তাদের বাধা দেওয়ার চেষ্টা করেন।

এ সময় রহমান উত্তেজিত হয়ে বিল্লালকে মারধর করে পালিয়ে যান বলে অভিযোগ করা হয়েছে।

পরে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা বিল্লালকে উদ্ধার করে রায়পুর সরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানে দায়িত্বরত চিকিৎসক তার অবস্থা গুরুতর দেখে দ্রুত ঢাকায় নেওয়ার পরামর্শ দেন। তবে ঢাকায় নেওয়ার পথেই বিল্লালের মৃত্যু হয়।

নিহতের স্বজন ও আইনজীবী সহকারী টিপু হোসেন জানান, রহমান বিল্লালের চোখ, মুখ ও বুকে কিল-ঘুষি মেরে গুরুতর জখম করে পালিয়ে গেছে। তিনি এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন।

বিল্লালের বোন বিলকিস আক্তার বলেন, মারধরের পর থেকেই বিল্লাল বুক ব্যথা ও শ্বাসকষ্টের কথা বলছিলেন। আমরা নিঃস্ব হয়ে গেলাম, তার সন্তানরা এতিম হয়ে গেল। আমরা এর বিচার চাই।

অভিযুক্ত রহমানের বাবা শাহ আলম বলেন, “আমি কিছুই জানি না। যদি সে অপরাধ করে থাকে, তাহলে আইন অনুযায়ী তার বিচার হবে।”

রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন মিয়া জানান, বিল্লাল মিশরীর মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ ঘটনায় হত্যা মামলার প্রস্তুতি চলছে।

আরও পড়ুন