
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে ওয়ার্কশপের আড়ালে অস্ত্র তৈরির একটি গোপন কারখানা পরিচালনার অভিযোগে নুর উদ্দিন নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। মঙ্গলবার রাতে রাঙামাটির চন্দ্রঘোনা থানার গহীন এলাকা থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে ডিবি।
গ্রেপ্তার হওয়া নুর উদ্দিন নোহা অটো ট্রেডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের মালিক। তিনি নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার আলাইয়ারপুর ইউনিয়নের জগদীশপুর গ্রামের বাসিন্দা। রাত ১১টার দিকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী।
এক প্রেস বিজ্ঞপ্তিতে তিনি জানান, চন্দ্রগঞ্জের দেওপাড়া এলাকায় নুর উদ্দিনের মালিকানাধীন ওই ওয়ার্কশপেই দীর্ঘদিন ধরে দেশীয় আগ্নেয়াস্ত্র তৈরি করা হতো। গত ১ ডিসেম্বর গোয়েন্দা পুলিশ সেখানে অভিযান চালায়। এসময় একটি দেশীয় অস্ত্রসহ বিপুল পরিমাণ অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়। তবে নুর উদ্দিন সেদিন পালিয়ে যান।
ঘটনার পর তাকে আসামি করে চন্দ্রগঞ্জ থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়। পরে ৭ ডিসেম্বর চন্দ্রগঞ্জ থানা সংলগ্ন নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার আলাইয়ারপুর এলাকায় একটি কবরস্থানের পাশ থেকে পাঁচটি একনলা বন্দুক ও একটি এলজি উদ্ধার করে ডিবি ও চন্দ্রগঞ্জ থানা পুলিশ। উদ্ধার করা এসব অস্ত্রও নুর উদ্দিনের ওয়ার্কশপে তৈরি করা হয়েছিল বলে পুলিশ নিশ্চিত করেছে।
পুলিশ জানায়, গ্রেপ্তার নুর উদ্দিনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।







