সোমবার ১৩ এপ্রিল, ২০২৬

লক্ষ্মীপুরে মসজিদের খাদেমকে ঘোড়ার গাড়িতে রাজকীয় বিদায়

নিজস্ব প্রতিবেদক

Rising Cumilla - Royal farewell to mosque servant in Lakshmipur in horse-drawn carriage
লক্ষ্মীপুরে মসজিদের খাদেমকে ঘোড়ার গাড়িতে রাজকীয় বিদায়/ছবি : সংগৃহীত

লক্ষ্মীপুরের রায়পুর-এ ২০ বছর কর্মজীবন শেষে মো. মুসলিম (৭০) নামে এক মসজিদের খাদেমকে ঘোড়ার গাড়িতে চড়িয়ে রাজকীয়ভাবে বিদায় জানানো হয়েছে। একই সঙ্গে তাকে উপহার হিসেবে দেওয়া হয়েছে নগদ ২ লাখ টাকা।

সোমবার (১৩ এপ্রিল) দুপুরে নতুন পোশাক পরিয়ে সাজানো ঘোড়ার গাড়িতে চড়িয়ে তাকে নিজ বাড়িতে পৌঁছে দেওয়া হয়। এ ব্যতিক্রমী বিদায় অনুষ্ঠানটি স্থানীয়দের মধ্যে ব্যাপক সাড়া ফেলে।

মো. মুসলিম রায়পুর পৌর শহরের মৌলভী ইব্রাহীম সাহেবের বাড়ির বাসিন্দা। তিনি উপজেলা সাব-রেজিস্ট্রার কার্যালয় জামে মসজিদের খাদেম হিসেবে দীর্ঘ ২০ বছর দায়িত্ব পালন করেছেন। বিদায়ের মুহূর্তে তিনি আবেগাপ্লুত হয়ে পড়েন। এ সময় মসজিদের খতিব, ইমাম ও কমিটির সদস্যদের চোখেও ছিল অশ্রু। দীর্ঘদিনের সখ্যতা ও ভালোবাসা যেন বিদায়ের ক্ষণে একাকার হয়ে ওঠে।

খাদেম মো. মুসলিম বলেন, তিনি দায়িত্ব পালনে কখনও ত্রুটি রাখেননি এবং সবসময় মসজিদ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার চেষ্টা করেছেন। তবে শারীরিক অসুস্থতার কারণে এখন আর কাজ চালিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না বলেই তাকে বিদায় নিতে হয়েছে। এ সম্মানজনক বিদায়ের জন্য তিনি মসজিদ কমিটির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

মসজিদের খতিব হাফেজ মাওলানা মুফতি আরিফ হোসাইন মিয়াজী জানান, মুসলিম দুই দশক ধরে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। সবসময় তিনি মসজিদকে পরিচ্ছন্ন রেখেছেন এবং সবার কাছে একজন ভালো মানুষ হিসেবে পরিচিত ছিলেন। বয়স ও শারীরিক সক্ষমতা কমে যাওয়ায় তিনি অবসরে গেছেন।

মসজিদ কমিটির সেক্রেটারি এনামুল হক বলেন, মুসলিমকে একটি সম্মানজনক বিদায় দেওয়ার লক্ষ্যেই এ আয়োজন করা হয়েছে। এজন্য পাশের জেলা চাঁদপুর থেকে ঘোড়ার গাড়ি ভাড়া করে আনা হয়। পাশাপাশি তার হাতে নগদ ২ লাখ টাকা সম্মানি তুলে দেওয়া হয়েছে। ভবিষ্যতেও মসজিদ কমিটি তার পাশে থাকবে বলেও জানান তিনি।

আরও পড়ুন