রবিবার ৬ সেপ্টেম্বর, ২০২৬

লক্ষ্মীপুরে পানিতে ডুবলেন দাদা, বাঁচাতে নেমে প্রাণ গেল দুই নাতি-নাতনিরও

রাইজিং কুমিল্লা ডেস্ক

প্রতীকি ছবি/সংগৃহীত

লক্ষ্মীপুর সদর উপজেলায় বাড়ির পাশের পুকুরে গোসল করতে নেমে নাতি-নাতনিসহ এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। দাদাকে পানিতে ডুবে যেতে দেখে তাকে উদ্ধারের জন্য পানিতে নেমে দুই শিশুরও মৃত্যু হয়।

রোববার (৬ সেপ্টেম্বর) দুপুরে সদর উপজেলার শাকচর ইউনিয়নের ইব্রাহিম পাটোয়ারী বাড়ির পুকুরে এ হৃদয়বিদারক দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—শাকচর ইউনিয়নের আব্দুল মান্নান পাটোয়ারীর ছেলে আবু সিদ্দিক পাটোয়ারী (৭০), তার নাতি পিয়াস (৮) ও নাতনি পপি আক্তার (৬)।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, দুপুরে আবু সিদ্দিক পাটোয়ারী তার দুই নাতি-নাতনিকে সঙ্গে নিয়ে বাড়ির সামনের পুকুরে গোসল করতে যান। একপর্যায়ে তিনি পানিতে ডুবে যান। দীর্ঘ সময় পার হলেও তাকে পানির ওপরে উঠতে না দেখে দাদাকে উদ্ধারের জন্য পানিতে নামে নাতি পিয়াস ও নাতনি পপি। পরে তারাও পানিতে ডুবে যায়।

ঘটনার প্রায় এক ঘণ্টা পর স্থানীয়রা পুকুরে তল্লাশি চালিয়ে তিনজনের মরদেহ উদ্ধার করেন।

নিহত পিয়াস আব্দুল আজিজের ছেলে এবং পপি সুমি আক্তারের মেয়ে।

শাকচর ইউনিয়ন পরিষদের সংশ্লিষ্ট ওয়ার্ড সদস্য মেহেদী হাসান ফারুক বলেন, একই পরিবারের তিনজনের মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ঘটনাটি অত্যন্ত হৃদয়বিদারক।

লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহিদ পারভেজ বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে পরবর্তী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন