
লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ বাজারে ওয়ার্কশপের আড়ালে একটি অস্ত্র তৈরির গোপন কারখানার সন্ধান পেয়েছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার দুপুরে জেলা গোয়েন্দা সংস্থার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহাদাত হোসেন টিটুর নেতৃত্বে সেখানে অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে একটি পিস্তল ও বিপুল পরিমাণ অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করা হলেও অভিযানের খবর পেয়ে ওয়ার্কশপ মালিক নুর উদ্দিন জিতু পালিয়ে যায়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, চন্দ্রগঞ্জ পশ্চিম বাজারে বেগমগঞ্জের জগদীশপুর এলাকার আবদুল গোফরানের ছেলে নুরউদ্দিন জিতু একটি দোকান ভাড়া নিয়ে ওয়ার্কশপ চালাতেন। আর এই ওয়ার্কশপের আড়ালেই দীর্ঘদিন ধরে দেশীয় এলজিসহ বিভিন্ন ধরনের অস্ত্র তৈরি করা হতো। গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশ আজ দুপুরে সেখানে অভিযান চালায়।
স্থানীয় ব্যবসায়ী ও এলাকাবাসীর উপস্থিতিতে পরিচালিত এ অভিযানে একটি পিস্তলসহ অস্ত্র তৈরির বিপুল সরঞ্জাম উদ্ধার করা হয়।
এ বিষয়ে ওসি শাহাদাত হোসেন টিটু বলেন, “দীর্ঘদিন ধরে নুর উদ্দিন ওয়ার্কশপের আড়ালে অস্ত্র তৈরি ও বিক্রি করে আসছিলেন। অভিযানে একটি পিস্তল ও বড় ধরনের অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। অভিযুক্ত মালিক ঘটনাস্থল থেকে পালিয়ে গেছে। তাকে গ্রেপ্তারে অভিযান চলছে। পাশাপাশি অস্ত্র আইনে মামলার প্রস্তুতি চলছে।”









