রবিবার ২২ ফেব্রুয়ারি, ২০২৬

রুমিন ফারহানাকে শহীদ মিনারে ফুল দিতে বাধা, ১৫০ জনের বিরুদ্ধে মামলা

রাইজিং কুমিল্লা ডেস্ক

রুমিন ফারহানাকে শহীদ মিনারে ফুল দিতে বাধা, ১৫০ জনের বিরুদ্ধে মামলা/ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগরের আংশিক) আসনের সংসদ সদস্য রুমিন ফারহানা-কে শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদনে বাধা প্রদান ও তার কর্মীদের মারধরের অভিযোগ এনে ১৫০ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। আসামিদের বেশিরভাগই বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মী বলে জানা গেছে।

রোববার দুপুরে রুমিন ফারহানার কর্মী আহাদ বাদী হয়ে সরাইল থানায় মামলাটি দায়ের করেন।

মামলায় সরাইল উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন মাষ্টার-কে প্রধান আসামি করা হয়েছে।

এর আগে শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১২টার দিকে সরাইল উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করতে গেলে স্থানীয় বিএনপি নেতা-কর্মীদের বাধার মুখে পড়েন রুমিন ফারহানা।

এ সময় আনোয়ার হোসেনের নেতৃত্বে কয়েকজন নেতা-কর্মী তাকে উদ্দেশ করে ‘ভুয়া ভুয়া’ স্লোগান দেন। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়।

ঘটনার সময় রুমিন ফারহানার পুষ্পস্তবক ছিঁড়ে ফেলেন উত্তেজিত নেতা-কর্মীরা। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে শ্রদ্ধা নিবেদন না করেই কর্মী-সমর্থকদের প্রহরায় শহীদ মিনার এলাকা ত্যাগ করেন তিনি।

এ ঘটনার প্রতিবাদে রাত সাড়ে ১২টার দিকে সরাইলের শাহবাজপুর এলাকায় ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করেন রুমিন ফারহানার কর্মী-সমর্থকরা। এতে প্রায় এক ঘণ্টা মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে।

উল্লেখ্য, আলোচিত সাবেক বিএনপি নেত্রী রুমিন ফারহানা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-২ আসন থেকে দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করে বিজয়ী হন। দলীয় প্রার্থীর বিরুদ্ধে গিয়ে নির্বাচন করায় পরবর্তীতে তাকে বিএনপি থেকে বহিষ্কার করা হয়।

এ বিষয়ে সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুর কাদের ভূঁইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মামলায় পাঁচজনের নাম উল্লেখ করা হয়েছে এবং অজ্ঞাতনামা আসামি রয়েছেন ১৪০-১৫০ জন। ইতোমধ্যে মামলাটি নথিভুক্ত করা হয়েছে এবং তদন্ত শেষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন