শনিবার ২৮ ফেব্রুয়ারি, ২০২৬

রিটার্নিং অফিসারের অনুমতি ছাড়া স্কুল-কলেজে নির্বাচনি সভা-সমাবেশ ও প্রচারণা নিষিদ্ধ

রাইজিং কুমিল্লা প্রতিবেদক

রিটার্নিং অফিসারের অনুমতি ছাড়া স্কুল-কলেজে নির্বাচনি সভা-সমাবেশ ও প্রচারণা নিষিদ্ধ/ছবি: সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে শিক্ষাপ্রতিষ্ঠানকে নির্বাচনি বা যেকোনো ধরনের সভা, সমাবেশ কিংবা প্রচারণার কাজে ব্যবহার সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়েছে। রিটার্নিং অফিসারের পূর্বানুমতি ছাড়া কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে সমাবেশ আয়োজন করা যাবে না—এ বিষয়টি কঠোরভাবে নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে নির্দেশ দেওয়া হয়েছে।

রোববার (১১ জানুয়ারি) ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে পাঠানো এক চিঠিতে এ নির্দেশনার কথা জানানো হয়। চিঠিটি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক বরাবর পাঠানো হয়েছে।

চিঠিতে উল্লেখ করা হয়, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের প্রাক্কালে নির্বাচনী আচরণবিধি কঠোরভাবে অনুসরণের নির্দেশ রয়েছে। তবে সাম্প্রতিক সময়ে লক্ষ্য করা যাচ্ছে, কিছু প্রার্থী কিংবা তাদের পক্ষে অন্যরা সেমিনার, সংবর্ধনা, যুব সমাবেশসহ বিভিন্ন কর্মসূচির নামে ভোটারদের জমায়েত করে নির্বাচনি প্রচারণার চেষ্টা করছেন।

এ ধরনের কর্মসূচিতে অনেক ক্ষেত্রে শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠ কিংবা হলরুমকে সমাবেশের ভেন্যু হিসেবে ব্যবহার করা হচ্ছে, যা নির্বাচনী আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন বলে উল্লেখ করা হয়।

চিঠিতে আরও বলা হয়, স্থানীয়ভাবে অনেক শিক্ষাপ্রতিষ্ঠানপ্রধান রিটার্নিং অফিসারের অনুমতি ছাড়াই শিক্ষাপ্রতিষ্ঠানকে সমাবেশের ভেন্যু হিসেবে ব্যবহারের অনুমোদন দিচ্ছেন। এ ধরনের কর্মকাণ্ড নির্বাচন সংক্রান্ত বিধিনিষেধের পরিপন্থী।

এ অবস্থায়, রিটার্নিং অফিসারের অনুমতি ছাড়া কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে সভা, সমাবেশ বা এ ধরনের কার্যক্রম আয়োজনের অনুমতি না দেওয়ার বিষয়টি নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।

আরও পড়ুন