বৃহস্পতিবার ১৯ ফেব্রুয়ারি, ২০২৬

রমজানের প্রথম দিনেই বাজারে বেড়েছে পেঁয়াজের দাম, কেজিতে বাড়ল ১০–১৫ টাকা

রাইজিং কুমিল্লা প্রতিবেদক

Rising Cumilla - Onion prices increased in the market on the first day of Ramadan, increasing by 10-15 taka per kg
রমজানের প্রথম দিনেই বাজারে বেড়েছে পেঁয়াজের দাম, কেজিতে বাড়ল ১০–১৫ টাকা/ছবি: সংগৃহীত

পবিত্র রমজানের প্রথম দিনেই কুমিল্লা নগরীর খুচরা বাজারে পেঁয়াজের দাম অস্বাভাবিকভাবে বেড়ে গেছে। সরবরাহ সংকট এবং চাহিদা বৃদ্ধির কারণে মাত্র এক সপ্তাহের ব্যবধানে কেজিপ্রতি ১০–১৫ টাকা বৃদ্ধি পেয়ে, বর্তমানে প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৭৫ থেকে ৮০ টাকায়। এ পরিস্থিতিতে সাধারণ ক্রেতারা নিত্যপণ্যের চড়া দামে বিপাকে পড়েছেন।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সকালে কুমিল্লা নগরীর চকবাজার, রাজগঞ্জ বাজার ও বাদশামিয়ার বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে। সরেজমিনে দেখা গেছে, গত কয়েক দিনের ব্যবধানে কুমিল্লার বিভিন্ন খুচরা বাজারে পেঁয়াজের দাম উল্লেখযোগ্যভাবে বেড়েছে। বর্তমানে ভালো মানের পেঁয়াজ ৭০ থেকে ৮০ টাকায় বিক্রি হচ্ছে। আকারে ছোট পেঁয়াজ ৬৫ টাকায় মিললেও, ভালো মানের পেঁয়াজ ৭৫ টাকার নিচে পাওয়া যাচ্ছে না।

একজন খুচরা বিক্রেতা জানান, “আজকে নয়, গত দুই-তিন দিন ধরেই দাম বাড়ছে। মৌসুমের শেষ দিকে সরবরাহ কমে গেছে, পরিবহন খরচও বেড়েছে। রমজানকে কেন্দ্র করে পাইকারি বাজারে চাহিদা বেড়ে যাওয়ায় খুচরা বাজারেও প্রভাব পড়েছে।”

বিক্রেতাদের দাবি, পাইকারি পর্যায়ে বেশি দামে কিনতে হওয়ায় বাধ্য হয়ে তারা বাড়তি দামে বিক্রি করতে হচ্ছে। একাধিক দফা দাম বাড়ার কারণে খুচরা পর্যায়ে সমন্বয় ছাড়া উপায় নেই বলেও জানান তারা।

ক্রেতাদের অভিযোগ, রমজান এলেই নিত্যপণ্যের দাম বেড়ে যায়। এক ক্রেতা বলেন, “গত সপ্তাহে ১২০ টাকার নিচে দুই কেজি পেঁয়াজ কিনেছি। আজ একই পরিমাণ পেঁয়াজের দাম চাচ্ছে ১৪০ থেকে ১৬০ টাকা।”

আরেক ক্রেতা জানান, “দুই দিন আগে ভ্যানগাড়ি থেকে ৬০ টাকা কেজি দরে কিনেছি। ছোট পরিবার, কিছুদিন চলবে। কিন্তু এরপর বেশি দামেই কিনতে হবে। রোজা আসলেই ব্যবসায়ীরা দাম বাড়ায়।”

রমজানের শুরুতেই নিত্যপণ্যের ঊর্ধ্বগতিতে স্বস্তি ফেরাতে বাজার তদারকি জোরদারের দাবি জানিয়েছেন ভোক্তারা।

আরও পড়ুন