
আসন্ন পবিত্র রমজান মাসে মেট্রোরেল চলাচলের নতুন সময়সূচি ঘোষণা করা হয়েছে। নতুন সূচি অনুযায়ী, প্রথম রমজান থেকে দুপুর ২টা থেকে প্রতি ৮ মিনিট পরপর ট্রেন ছাড়বে। এছাড়াও, ১৬ রমজান থেকে রাত ৯টা পর্যন্ত চলবে মেট্রোরেল। পাশাপাশি ঈদের দিন মেট্রো বন্ধ থাকবে বলেও জানিয়েছে কর্তৃপক্ষ।
রোববার (১০ মার্চ) রাজধানীর ইস্কাটনে ডিএমটিসিএলের সভা কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক এমএএন ছিদ্দিক।
মেট্রোরেলের নতুন সময়সূচি:
- প্রথম রমজান থেকে ১৫ রমজান:
- দুপুর ২টা থেকে রাত ৮টা পর্যন্ত প্রতি ৮ মিনিট পরপর ট্রেন ছাড়বে।
- ১৬ রমজান থেকে শেষ রমজান:
- দুপুর ২টা থেকে রাত ৯টা পর্যন্ত প্রতি ৮ মিনিট পরপর ট্রেন ছাড়বে।
ইফতারের সময় ট্রেনে পানি পান:
মেট্রোরেল কর্তৃপক্ষ আরও জানায়, রমজান মাসে ইফতারের সময়সূচি ট্রেনের ডিজিটাল বোর্ডে প্রদর্শন করা হবে। ইফতারের সময় ট্রেনে ও স্টেশন প্লাজায় পানি পান করা যাবে। তবে, এর বাইরে ট্রেনে বা স্টেশনে খাওয়া-দাওয়া করা যাবে না বলে অনুরোধ জানিয়েছে কর্তৃপক্ষ।










